মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৯ ফেব্রুয়ারি : মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় কাছাড়ে আরও দু’জনের মৃত্যু ঘটল। শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে কাটিগড়ার রামচরণ বৈষ্ণব এবং বড়খলার নিমান উদ্দিনের। এতে কাছাড়ে মৃতের সংখ্যা আট সহ মোট ৩১ জনে দাঁড়িয়েছে।
এ দিকে, পাঁচদিনের মাথায় সোমবার ভোরে শিলচর মেডিক্যালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল কাটিগড়ার সরিষাকুড়ি গ্রামের বাসিন্দা মক্তসিন আলির ছেলে নিমান উদ্দিনের। রবিবার রাতে মৃত্যু হয় রামচরণ বৈষ্ণবের বলে জানা যায়। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মেঘালয়ে বিস্ফোরণের দিন মৃত্যু ঘটেছিল একই গ্রামের দুই ভাই আনোয়ার উদ্দিন ও দিলোয়ার উদ্দিনের। এছাড়া মৃত্যু ঘটেছিল পাশ্ববর্তী গ্রামের ফারুক উদ্দিন, গুমড়া রাজপুর গ্রামের দুই ভাই পূরজ্ঞয় বৈষ্ণব ও নিকুঞ্জ বৈষ্ণবের। এছাড়া মৃত্যু ঘটেছিল পশ্চিম কাটিগড়া খেলমার বাসিন্দা মহিতোষ বৈষ্ণবের। এছাড়া আহত ছিলেন পাঁচজন। তারা চিকিৎসাধীন ছিলেন।আর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ঘটল দু’জনের।
উল্লেখ্য, একই গ্রামের দুই ভাই আনোয়ার ও দিলোয়ারের মৃত্যুর শোক কাটতে না কাটতেই, নিমান উদ্দিনের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।



