৪ এপ্রিল : মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রবল হল। শুক্রবার ইরানের আকাশসীমায় অনুপ্রবেশ করা একটি মার্কিন যুদ্ধবিমান গুলি করে নামানোর দাবি করল ইরানের ‘ইসলামিক রেভোলিউশন গার্ডস কর্পস’ (IRGC)। তেহরানের দাবি, বিমানটি ধ্বংস হওয়ার পর সেটির পাইলট প্যারাশুটের সাহায্যে নিচে নামেন।
এ দিকে, ইরানে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক পাইলটকে খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে যুক্তরাষ্ট্র ও ইরান। নিখোঁজ পাইলট ইরানের হাতে পড়লে যুদ্ধের মোড় ঘুরে যেতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
নিখোঁজ পাইলটের সন্ধান পেতে দুই পক্ষই মরিয়া হয়ে উঠেছে। দক্ষিণ ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমানের ওই নিখোঁজ ক্রু সদস্যের ভাগ্যে ঠিক কী ঘটেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে অন্য একজন ক্রুকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ ওই পাইলটকে খুঁজতে মার্কিন বাহিনী যেমন জোর তৎপরতা চালাচ্ছে, তেমনি ইরানি নিরাপত্তা বাহিনীও সমানতালে উদ্ধার অভিযান শুরু করেছে।
নিখোঁজ ক্রু সদস্যকে জীবিত অবস্থায় আটক করতে পারলে বড় পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। অন্যদিকে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালানোর সময় মার্কিন দলগুলো প্রবল গুলিবর্ষণের মুখে পড়েছে বলেও খবর পাওয়া গেছে।
ইরানের দাবি অনুযায়ী, তারা দু’টি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। এর মধ্যে একটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড্ডয়নরত এফ-১৫ এবং অন্যটি ওই বিমানের ক্রুদের উদ্ধারে পাঠানো হয়েছিল।
মার্কিন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রথম বিধ্বস্ত বিমানের অনুসন্ধান ও উদ্ধার অভিযানের সময় হরমুজ প্রণালীর কাছে একটি এ-১০ যুদ্ধবিমানকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সে সময় পাইলট ইজেক্ট করতে সক্ষম হন এবং তাকে উদ্ধার করা হয়েছে। ইরানে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর থেকেই নিখোঁজ ওই ক্রু সদস্যের সন্ধানে সার্বক্ষণিক তৎপর রয়েছে মার্কিন বাহিনী।



