শান্তিপূর্ণ ভাবে চলছে টিটিএএডিসি-র ভোটগ্রহণ

Spread the news

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি) নির্বাচনের ২৮টি আসনের জন্য আজ রবিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে শত শত ভোটার দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন। নারী-পুরুষের পাশাপাশি প্রবীণ নাগরিকদের মধ্যেও ভোটদানে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়েছে।

৭ নম্বর কচুছড়া-ডেমছড়া এডিসি আসনেও সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। সংশ্লিষ্ট সব পোলিং স্টেশনে নির্বিঘ্নে ভোটদান হচ্ছে বলে নির্বাচন সূত্রে জানা গেছে। কৈলাসহরের চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিশান চৌধুরী পাড়া সিনিয়র বেসিক স্কুলে স্থাপিত ৭ নম্বর পোলিং স্টেশনেও সকাল থেকেই ভোটারদের ভিড় লক্ষ্য করা যায়। শৃঙ্খলাবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে ভোটাররা ভোট প্রদান করেন। সকাল প্রায় ৮টার সময় ওই কেন্দ্রেই নির্দল প্রার্থী সঞ্জীব দেববর্মা নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে তিনি সংবাদমাধ্যমকে জানান, সমগ্র এলাকায় শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, এবারের নির্বাচনে মোট ৯,৬২,৬৯৭ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৪,৮২,০২৫ জন পুরুষ, ৪,৮০,৬৬৬ জন মহিলা এবং তৃতীয় লিঙ্গের ৬ জন ভোটার রয়েছেন। রাজ্যের ২৮টি আসনে মোট ১৭৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভারতীয় জনতা পার্টি, তিপ্রা মথা পার্টি, সিপিআই(এম)-সহ বামফ্রন্ট, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং আইপিএফটি-সহ একাধিক রাজনৈতিক দলের অংশগ্রহণে এবারের নির্বাচন বহুমুখী ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *