বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বিজেপি প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচার জোরদার করতে আগামীকাল শুক্রবার বরাক উপত্যকায় আসছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হাইলাকান্দি ও কাছাড় জেলার একাধিক বিধানসভা কেন্দ্রে দিনভর ব্যস্ত কর্মসূচিতে অংশ নেবেন তিনি।
নির্ধারিত সূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় গুয়াহাটি থেকে হেলিকপ্টারে রওনা হয়ে বেলা ১১টা ৩০ মিনিটে হাইলাকান্দি জেলার লালা মাল্টিপারপাস হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে বিজেপি প্রার্থী মিলন দাসের সমর্থনে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি।
এরপর কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট হায়ার সেকেন্ডারি স্কুল মাঠে দুপুর ১২টা ৩৫ মিনিটে আরেকটি জনসভায় যোগ দেবেন। সেখানে দলীয় প্রার্থী অমিয় কান্তি দাসের সমর্থনে বক্তব্য রাখবেন মুখ্যমন্ত্রী।
পালংঘাটের পর কাটিগড়া বিধানসভা এলাকার হিলাড়া খেলার মাঠে দুপুর ১টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত সভায় অংশ নেবেন তিনি। এই সভায় বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থের সমর্থনে প্রচার চালাবেন।
এরপর বিকেল ৩টায় বড়খলা বিধানসভা এলাকার শিলকুড়ি চা বাগানের মাঠে অনুষ্ঠিত জনসভায় যোগ দেবেন মুখ্যমন্ত্রী। সেখানে দলীয় প্রার্থী কিশোর নাথের সমর্থনে ভাষণ দেবেন তিনি।
দিনের শেষ কর্মসূচি হিসেবে শিলচরে বিজেপি প্রার্থী রাজদীপ রায়ের সমর্থনে একটি রোড শো-তে অংশ নেবেন মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে ৪টায় ইটখোলা তেমাথা থেকে শুরু হয়ে চিত্তরঞ্জন রোটারি পর্যন্ত চলবে এই রোড শো। রোড শো শেষে তিনি শিলচর বিমানবন্দরে পৌঁছে গুয়াহাটিতে ফিরে যাবেন।



