রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২১ মার্চ : সমগ্র রাজ্যের সঙ্গে সঙ্গতি রেখে বরাক উপত্যকা ও কাছাড় জেলার শিলচর শহরের বিভিন্ন ঈদগাহে শান্তিপূর্ণভাবে উদযাপিত হল পবিত্র ঈদ-উল ফিতর। ঐতিহাসিক শিলচরের মেহেরপুর ঈদগাহেও বিপুল সমাগম লক্ষ্য করা যায়। শনিবার সকাল থেকেই শহরের বিভিন্ন ঈদগাহে মুসলিম ধর্মাবলম্বীরা জড়ো হয়ে ঈদের দু’রাকাত নামাজ আদায় করেন।

বিশেষ করে শিলচরের ঐতিহ্যবাহী মেহেরপুর ঈদগাহে বিপুল জনসমাগমে ময়দান কার্যত জনসমুদ্রে পরিণত হয়। প্রায় দশ হাজারেরও বেশি মুসলিম ধর্মাবলম্বীর উপস্থিতিতে সেখানে ঈদের নামাজ সম্পন্ন হয়।

মেহেরপুর ঈদগাহে নামাজ পরিচালনা করেন মওলানা আব্দুল ওয়াহিদ। নামাজের আগে তিনি ঈদের তাৎপর্য নিয়ে বক্তব্য রাখেন এবং পরে বিশ্ব শান্তির জন্য বিশেষ দোয়া করা হয়।
নামাজ শেষে একে অপরকে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সকলকে। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মওলানা আব্দুল ওয়াহিদ সকলকে ঈদের শুভেচ্ছা জানান এবং বিশ্বশান্তির কামনা করেন।

এ দিকে, ঈদের দিনে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।




