প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি আলোচনায় গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

Spread the news

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিন শিক্ষার্থী দেশের প্রায় ১২ লক্ষ অংশগ্রহণকারীর মধ্যে থেকে নির্বাচিত হয়ে এক বিরল সম্মান অর্জন করেছেন। তাঁরা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সরাসরি আলোচনায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।

সরকারি সূত্রে জানা গেছে, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘মাই ভারত বাজেট কোয়েস্ট’ কর্মসূচির আওতায় এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। নির্বাচিত পড়ুয়ারা হলেন বিশ্ববিদ্যালয়ের ইলেক্টোরাল লিটারেসি ক্লাব (ইএলসি)-এর ক্যাম্পাস অ্যাম্বাসাডর দেবপম রায় (চতুর্থ সেমিস্টার), এক্সিকিউটিভ সদস্য লুবাব আহমদ খান (চতুর্থ সেমিস্টার) এবং কল্যাণ দাস (দ্বিতীয় সেমিস্টার)।

এই কর্মসূচির অংশ হিসেবে ১২ ও ১৩ এপ্রিল শিলং-এ আয়োজিত আলোচনায় তাঁরা অংশ নেবেন এই তিন পড়ুয়া। সেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নির্বাচিত যুব প্রতিনিধিদের সঙ্গে মিলিত হয়ে বাজেট, নীতি নির্ধারণ এবং জাতীয় উন্নয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়ে মতবিনিময় করবেন। বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায় বলেন, এই সাফল্য শুধু সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নয়, সমগ্র গুরুচরণ বিশ্ববিদ্যালয়ের জন্যই গর্বের। তাঁদের এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও জাতীয় স্তরের কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *