বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : শিলচরে ফের বড়সড় মাদকবিরোধী অভিযান। নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে শিলচর থানার পুলিশের দু’টি পৃথক অভিযানে বিপুল পরিমাণ সন্দেহজনক হেরোইন উদ্ধার করে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তদের। বৃহস্পতিবার রাতে শিলচর থানার পুলিশের একটি দল শিলচরের আইএসবিটি বাইপাস এলাকায় অভিযান চালায়। অভিযানে ৩০ বছর বয়সী অভিযুক্ত আবুল হোসেন লস্করকে গ্রেফতার করা হয়। আবুল উত্তর বারিকনগরের বাসিন্দা। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ৬টি প্যাকেট সন্দেহজনক হেরোইন, যার মোট ওজন প্রায় ৬৬ দশমিক ৭৬ গ্রাম। পাশাপাশি ঘটনাস্থল থেকে দু’টি গাড়ি, যার রেজিস্ট্রেশন নম্বর AS11K-6423 এবং AS01EB-4457, বাজেয়াপ্ত করা হয়।

অন্যদিকে, পৃথক এক নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শিলচর থানার পুলিশ কাছাড় জেলার সৈদপুর চতুর্থ খণ্ডের শান্তি বেগম লস্কর নামে এক মহিলার বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে উদ্ধার হয় ২৯টি প্লাস্টিক কৌটা, যার মধ্যে প্রায় ১৭ গ্রাম সন্দেহজনক এনডিপিএস দ্রব্য ছিল। এছাড়াও অভিযান চলাকালীন উদ্ধার ও বাজেয়াপ্ত করা হয় ২টি মোবাইল ফোন, একটি কেটিএম মোটরসাইকেল (রেজি: AS-11-AG-4736) এবং নগদ ২,৮৬০ টাকা।
পুলিশ সূত্রে জানা গেছে, পুরো ঘটনার তদন্ত চলছে এবং মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর সব মিলিয়ে বাজেয়াপ্ত মাদক এর বাজার মূল্য ২৫ লক্ষ টাকার অধিক হবে বলে জানাযায়।



