৮ এপ্রিল : ভারত-মায়ান্মার আন্তর্জাতিক সীমান্তে তিন ভারতীয় বেসামরিক নাগরিক হত্যার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কেশপুরের জাহাঙ্গীর মির্জা (২৩) ও আরাউফিক খান (২৪) এবং কাছাড় জেলার ধলাই এলাকার বাসিন্দা আক্তার হোসেন মজুমদার (২১) ডান লোপ (তোষক) নিয়ে গিয়েছিলেন কিন্তু আর ফেরা হল না। তিনজনকে নৃশংসভাবে হত্যা করা হয়। এনিয়ে মেদিনীপুরে বিক্ষোভ প্রদর্শন করে হত্যাকাণ্ডের তদন্তের দাবি জানান জাহাঙ্গীর ও আরাইফিকের পরিজনরা।
এদিকে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবি ও ভিডিও ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, ওই ছবিতে মৃতদেহে আঘাতের চিহ্ন, গুলির দাগ ও পোড়ার চিহ্ন দেখা গেছে এবং তাঁরা সেগুলির ভিত্তিতে দেহ শনাক্ত করেছেন।

পরিবার সূত্রে জানা যায়, গত ১৬ মার্চ তাঁরা ব্যবসায়িক কাজে মিজোরামের চাম্পাই জেলার উদ্দেশ্যে রওনা হন। ১৮ মার্চ পর্যন্ত তাঁদের সঙ্গে যোগাযোগ থাকলেও এরপর থেকে নিখোঁজ ছিলেন। তাঁদের দাবি, দ্রুত মরদেহ উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা হোক এবং পুরো ঘটনার স্বচ্ছ তদন্ত নিশ্চিত করা হোক। সীমান্ত সংক্রান্ত বিষয় জড়িত থাকায় ঘটনাটি অত্যন্ত সংবেদনশীল হয়ে উঠেছে এবং প্রশাসনের পদক্ষেপের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।



