রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৮ মার্চ : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করলেন ত্রিপুরার বিধায়ক সুদীপ রায় বর্মন। রবিবার শিলচরের জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, এবার জনগণ পরিবর্তন চায় এবং কংগ্রেসকেই ক্ষমতায় দেখতে আগ্রহী।
সাংবাদিক সম্মেলনে তিনি অভিযোগ করেন, বিজেপি সরকারের আমলে দেশে লাগামহীন মূল্যবৃদ্ধি হয়েছে। রান্নার গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম আগের তুলনায় অনেক বেড়েছে বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি দেশে দুর্নীতি ক্রমাগত বাড়ছে বলেও অভিযোগ তোলেন। তাঁর মতে, এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে জনগণ এবার কংগ্রেসের সরকার চাইছেন।
তিনি আরও বলেন, ২০২৬ সালের নির্বাচন শেষ হওয়ার পর পেট্রোল ও ডিজেলের দাম আরও বাড়তে পারে। বর্তমান সরকার সাধারণ মানুষ ও কৃষকদের স্বার্থে কাজ করছে না বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, এই সরকার ক্ষমতায় থাকলে গরিব, দিনমজুর ও খেটে খাওয়া মানুষের দুর্ভোগ আরও বাড়বে। উন্নয়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ব্রহ্মপুত্র উপত্যকার উন্নয়নের তুলনায় বরাকে সেই উন্নয়ন হয়নি।
দু’দিনের সফরে এসে তিনি যে পরিস্থিতি উপলব্ধি করেছেন, তাতে ২০২৬ সালের নির্বাচনে বিজেপি শূন্য হয়ে যাবে এবং কংগ্রেস প্রতিটি বিধানসভা কেন্দ্রে বড় ব্যবধানে জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, কংগ্রেস সবসময় জনগণের পাশে থেকে তাদের স্বার্থে কাজ করে যাবে।




