আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : শিলচর শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে পুর নিগমের দায়িত্বপ্রাপ্ত আইএএস অফিসার সৃষ্টি সিং নিয়মিত নানা উদ্যোগ নিচ্ছেন। প্রতিদিন ঝাড়ু দেওয়া, জল ছিটানোসহ বিভিন্ন কার্যক্রম শহরবাসীর নজর কেড়েছে। তবে এই উদ্যোগের মাঝেই শহরের কয়েকটি জায়গায় তৈরি হয়েছে চরম বিপজ্জনক পরিস্থিতি, যা যে কোনও সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে।
এমনই একটি ভয়াবহ চিত্র সামনে আনেন ফেসবুক অ্যাক্টিভিস্ট মান্না বড়ভূইয়া। তিনি শিলচর পুর নিগমের দৃষ্টি আকর্ষণ করে একটি ছবি পোস্ট করে লেখেন—“জনসাধারণের নিরাপত্তার স্বার্থে অনুগ্রহ করে অবিলম্বে এই খোলা ও ঝুঁকিপূর্ণ কাঠামোটি ঢেকে সুরক্ষিত করা হোক। প্রতিদিন এই পথ দিয়ে হাজার হাজার স্কুলপড়ুয়া শিশু চলাচল করে। খোলা অবস্থায় থাকা এই কাঠামোটি যে কোনও সময় ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। স্কুল এলাকায় কি শিক্ষার্থী ও অভিভাবকদের নিরাপদ ও বাধামুক্ত ফুটপাত পাওয়ার অধিকার নেই?” তিনি ত্রিনয়নী লেন সংলগ্ন, হলিক্রস স্কুলের সামনের এলাকার কথাই উল্লেখ করেন।
উল্লেখযোগ্য যে, সোনাই রোডে অবস্থিত হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুল শিলচর শহরের অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান। শহর ও শহরতলি এলাকা থেকে প্রায় দেড় হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করে। প্রতিদিন শিক্ষার্থী, অভিভাবক ও যানবাহন চালকদের মিলিয়ে প্রায় তিন হাজার মানুষের যাতায়াত হয় এই এলাকায়। অথচ ত্রিনয়নী লেন সংলগ্ন ফুটপাতের একটি অংশ দীর্ঘদিন ধরে স্ল্যাববিহীন অবস্থায় পড়ে রয়েছে। এই উন্মুক্ত গর্তের পাশ দিয়েই প্রতিদিন ছোট ছোট শিশু, কিশোর-কিশোরীরা হেঁটে স্কুলে প্রবেশ করছে। সামান্য অসাবধানতায় কেউ গর্তে পড়ে গেলে কী ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে, তা ভাবলেই গা শিউরে ওঠে। শহরের আরও কয়েকটি এলাকায় একই ধরনের বিপজ্জনক চিত্র রয়েছে। অতীতেও এমন গর্তে পড়ে পা ভেঙে যাওয়ার মতো দুর্ঘটনার সাক্ষী রয়েছে শিলচর। শহরবাসীর দাবি, অবিলম্বে এসব ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ভবিষ্যতে বড়সড় দুর্ঘটনা অনিবার্য। বিশেষ করে স্কুল সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।



