ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

Spread the news

১৩ এপ্রিল : ইরানের সব বন্দর অবরোধের ঘোষণা দিয়েছে মার্কিন সামরিক বাহিনী। সোমবার থেকে এই অবরোধ কার্যকর হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে হরমুজ প্রণালিতে নৌ-অবরোধ জারির ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

রোববার এক বিবৃতিতে ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, সোমবার থেকে ‘ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও প্রস্থানের চেষ্টা করা সব জাহাজের ওপর’ এই অবরোধ প্রযোজ্য হবে। এতে উপসাগর এবং ওমান উপসাগরসহ ইরানের উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজ অন্তর্ভুক্ত থাকবে।

তবে সেন্টকম জানিয়েছে, ‘ইরান ছাড়া অন্য দেশের বন্দরসমূহে যাতায়াতকারী জাহাজগুলোর জন্য হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের স্বাধীনতা ব্যাহত করা হবে না।’ এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের হুমকির তুলনায় কিছুটা নমনীয় অবস্থানের ইঙ্গিত দিচ্ছে। কারণ এর আগে পুরো প্রণালি অবরোধ এবং ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার কথা বলেছিলেন তিনি।

মার্কিন অবরোধের হুমকির পর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০৪ দশমিক ২৪ ডলারে দাঁড়ায়। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দামও ৭ শতাংশ বেড়ে ১০২ দশমিক ২৯ ডলারে পৌঁছায়।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে হামলা শুরুর পর থেকে বৈশ্বিক জ্বালানি বাজারের জন্য গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *