বরাক তরঙ্গ, ১৩ নভেম্বর : অসমের ছয় জনগোষ্ঠীর জনজাতিকরণ নিয়ে ইতোমধ্যেই সমর্থন জানিয়েছে অসম গণ পরিষদ। কিন্তু সেই সমর্থনের মাঝেই এই ইস্যুতে আয়োজিত একটি আলোচনা সভা বৃহস্পতিবার পরিণত হয় উত্তপ্ত সংঘর্ষে। ঘটনাটি ঘটে যোরহাটে। সভায় অগপের সাংসদ ও বিধায়কদের উপস্থিতিতে তৈরি হয় চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।
সভায় উপস্থিত চুতিয়া সংগঠনের সদস্যদের সঙ্গে অগপ নেতাদের মধ্যে তর্ক-বিতর্ক, অশ্রাব্য ভাষা প্রয়োগ ও তীব্র বাক-বিতণ্ডা শুরু হয়, যা একসময় ধাক্কাধাক্কি ও হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, অগপ যোরহাট জেলা সভাপতি হাতজোড় করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন।
উল্লেখ্য, মরান, মটক, তাই আহোম, চা জনগোষ্ঠী, কোচ রাজবংশী এবং চুতিয়া জনগোষ্ঠী দীর্ঘদিন ধরে নিজেদের জনজাতিকরণের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে। এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে রাজ্য সরকারের সহযোগী দল অগপ, যদিও বাস্তবায়ন নিয়ে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক ও সামাজিক মহল।



