রূপক চক্রবর্তী ও বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলচরে তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করল। বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে ইস্তেহারের উদ্বোধন করেন রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব।
ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপি ও কংগ্রেস—উভয় দলকেই তীব্র ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ ইস্যু ‘ভাষা শহীদ স্টেশন’ নিয়ে এই দুই দলের কোনও সদিচ্ছা নেই। তিনি দাবি করেন, শিলচর রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তনের প্রশ্নে বিজেপি ও কংগ্রেস কেউই ইতিবাচক অবস্থান নেয়নি।
তৃণমূলের ইস্তেহারে একাধিক জনমুখী প্রতিশ্রুতি তুলে ধরা হয়েছে। সুস্মিতা দেব জানান, দল ক্ষমতায় এলে এনআরসি প্রক্রিয়া নিয়ে ওঠা বৈষম্যের অভিযোগ খতিয়ে দেখে তা দূরীকরণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি স্মার্ট মিটার ব্যবহারকারী সাধারণ মানুষ, বিশেষ করে আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
এছাড়াও উচ্ছেদের জেরে গৃহহীন হয়ে পড়া মানুষদের পুনর্বাসনের আশ্বাস দেওয়া হয়েছে। ভূমিধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কথাও উল্লেখ করা হয়। শিলচরে একটি হাইকোর্ট বেঞ্চ স্থাপনের দাবিতে ধারাবাহিক প্রচেষ্টা চালানোর প্রতিশ্রুতিও ইস্তেহারে রয়েছে।
বরাক উপত্যকার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বিশেষ বাজেট প্রবর্তনের উদ্যোগ, লোকসভা ও বিধানসভায় আসন সংখ্যা বৃদ্ধির দাবিতে আন্দোলন এবং পাঁচটি আসনে জোরদার নির্বাচনী লড়াইয়ের কথাও তুলে ধরা হয়েছে। সবশেষে সুস্মিতা দেব বলেন, তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বরাক উপত্যকাকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হবে।



