দাবি পূরণে অনশন চলছেই, ডিসির কার্যালয়ের সামনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সংগঠনগুলোর বিক্ষোভ

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১৮ ফেব্রুয়ারি : বিভিন্ন দাবি পূরণের লক্ষ্যে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভার নেতৃত্বে এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার উদ্যোগে শুরু হওয়া আমরণ অনশন আন্দোলন এক সপ্তাহ অতিক্রম করলেও এখনও সরকারের টনক নড়েনি বলে অভিযোগ আন্দোলনকারীদের। বুধবার কাছাড় জেলা কমিশনারের কার্যালয়ের সামনে সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল সংগঠিত করা হয়। পরে আন্দোলনকারীরা তাদের বিভিন্ন দাবি বাস্তবায়নের দাবিতে জেলা কমিশনারের হাতে একটি স্মারকপত্র তুলে দেন। সংগঠনের নেতারা জানান, বিষ্ণুপ্রিয়া ভাষাকে শিক্ষার প্রাথমিক স্তরে অন্তর্ভুক্ত করা-সহ একাধিক দাবিতে শিলচর শহরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে আমরণ সত্যাগ্রহ কর্মসূচি শুরু করা হয়েছে। এই আন্দোলনে নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা, নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি ছাত্র পরিষদ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি গণসংগ্রাম পরিষদের কর্মকর্তারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

সংগঠনগুলোর পক্ষ থেকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, দ্রুত দাবিগুলো বাস্তবায়ন না হলে আগামী দিনে রেল অবরোধ, জাতীয় সড়ক অবরোধ-সহ আরও বৃহত্তর আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *