বরাকের রাজনৈতিক জল্পনা তুঙ্গে, তিন বিধায়কের অতুল-কেশবের সঙ্গে সাক্ষাৎ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৭ ফেব্রুয়ারি : আসন্ন বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের রাজনৈতিক মহলে তৎপরতা চরমে পৌঁছেছে। বিভিন্ন রাজনৈতিক দল যখন নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতে ব্যস্ত, তখনই স্বাভাবিক নিয়মে দলবদলের জল্পনাও জোরালো হয়ে উঠেছে। বিশেষ করে বরাক উপত্যকার তিন বর্তমান বিধায়ককে ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। সূত্রের খবর, এই তিন বিধায়ক নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করছেন এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন।

হাইলাকান্দি জেলার আলগাপুর বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ সালে এআইইউডিএফের টিকিটে দ্বিতীয়বার নির্বাচিত হয়েছিলেন হাজি নিজাম উদ্দিন চৌধুরী। তবে প্রায় দেড় বছর আগে দলের সুপ্রিমো মওলানা বদরুদ্দিন আজমল তাঁর বিরুদ্ধে অন্য দলের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে কারণ দর্শানোর নোটিশ পাঠানোর পর থেকেই দলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে থাকে। এরপর তাঁর রাইজর দলের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয় এবং তিনি রাইজরে যোগ দিতে পারেন বলেও জল্পনা ছড়ায়। সীমানা পুনর্নির্ধারণের পর আলগাপুর-কাটলিছড়া নতুন আসন গঠিত হওয়ায় আগামী নির্বাচনে তিনি রাইজরের প্রার্থী হিসেবে লড়বেন বলেও তাঁর অনুগামীরা আশা করেছিলেন। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সেই সম্ভাবনা অনেকটাই বদলে গেছে। মঙ্গলবার তিনি সোনাইয়ের বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া এবং দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদের সঙ্গে একযোগে অসম গণ পরিষদের সভাপতি তথা মন্ত্রী অতুল বরা এবং দলের কার্যকরী সভাপতি কেশব মহন্তের সঙ্গে সাক্ষাৎ করেন। এই বৈঠকের পর রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে যে, হাজি নিজাম উদ্দিন চৌধুরী রাইজরে নয়, বরং অগপে যোগ দেওয়ার পথেই এগোচ্ছেন। উল্লেখ্য, এর আগেই তাঁর ঘনিষ্ঠ সহযোগী এবং আলগাপুর কেন্দ্রের এআইইউডিএফ সভাপতি জামাল উদ্দিন বড়ভূইয়া অগপে যোগ দিয়েছেন।

অন্যদিকে, কাছাড় জেলার সোনাই বিধানসভা কেন্দ্র থেকে ২০২১ সালে এআইইউডিএফের প্রার্থী হিসেবে নির্বাচিত হন করিম উদ্দিন বড়ভূইয়া। তিনি বিজেপির প্রার্থী এবং বিধানসভার তৎকালীন উপাধ্যক্ষ আমিনুল হক লস্করকে পরাজিত করে বিধানসভায় পৌঁছেছিলেন। তবে আসন্ন নির্বাচনের আগে নিজের রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করতে তিনিও দল পরিবর্তনের পথে হাঁটছেন বলে রাজনৈতিক মহলে জোর আলোচনা চলছে। অতুল বরা ও কেশব মহন্তের সঙ্গে তাঁর সাম্প্রতিক বৈঠককে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই তিনি আনুষ্ঠানিকভাবে অগপে যোগ দিতে পারেন।

একইভাবে দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দেক আহমদের ক্ষেত্রেও দলবদলের সম্ভাবনা জোরালো হয়েছে। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় সমতা পার্টির মাধ্যমে, প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী জর্জ ফার্নান্ডেজের নেতৃত্বে। পরে তিনি অসম প্রদেশ কংগ্রেস কমিটিতে যোগ দেন এবং কংগ্রেসের টিকিটে নির্বাচিত হয়ে মুখ্যমন্ত্রী তরুণ গগৈর মন্ত্রিসভায় মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তবে দলবিরোধী কার্যকলাপের অভিযোগে পরবর্তীতে তিনি কংগ্রেস থেকে বহিষ্কৃত হন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বর্তমানে অনেকটাই সুস্থ সিদ্দেক আহমদ আসন্ন নির্বাচনে পুনরায় দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্র থেকেই প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী। সম্প্রতি গুয়াহাটিতে অতুল বরা ও কেশব মহন্তের সঙ্গে তাঁর বৈঠকের পর অগপে যোগদানের সম্ভাবনা আরও জোরালো হয়েছে। মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই বিধায়কের অগপে যোগদান এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সব মিলিয়ে বরাক উপত্যকার সোনাইয়ের করিম উদ্দিন বড়ভূঁইয়া, আলগাপুরের হাজি নিজাম উদ্দিন চৌধুরী এবং দক্ষিণ করিমগঞ্জের সিদ্দেক আহমদ—এই তিন বর্তমান বিধায়কের রাজনৈতিক অবস্থান বদল প্রায় নিশ্চিত বলেই মনে করা হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, যা আসন্ন নির্বাচনের আগে বরাকের রাজনীতিতে বড় প্রভাব ফেলতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *