পীযূষ হাজরিকার আশ্বাসে অনশন ভঙ্গ  মহাসভার

Spread the news

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ ফেব্রুয়ারি : অবশেষে মন্ত্রী পীযূষ হাজরিকার লিখিত আশ্বাস পাওয়ার পর আন্দোলন স্থগিত রাখার ঘোষণা দিল নিখিল বিষ্ণুপ্রিয়া মণিপুরি মহাসভা সহ অন্যান্য সংগঠন। নিজেদের চার দফা দাবিকে কেন্দ্র করে গত ১২ ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন চালিয়ে আসছিল সংগঠনগুলোর সদস্যরা। শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর শেষে আন্দোলনকারীদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। এরপর মন্ত্রী পীযূষ হাজরিকা আন্দোলনকারীদের উদ্দেশ্যে লিখিত আশ্বাস প্রদান করেন। ওই আশ্বাস পাওয়ার পর শুক্রবার রাত ৭টা নাগাদ ম্যাজিস্ট্রেট মাসি টপ্নো অনশনস্থলে গিয়ে জল পান করিয়ে তাদের অনশন ভঙ্গ করান।

অনশনকারীদের পক্ষে গোপিদাস সিনহা জানিয়েছেন, এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ রাজ্যের সামাজিক ন্যায়করণ মন্ত্রী পীযূষ হাজরিকার পক্ষ থেকে তাদের কাছে বার্তা পাঠানো হয়। বার্তা পাঠিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি দাবি দাওয়া নিয়ে আলোচনার জন্য তাদের দিসপুরে তলব করা হয়েছে। এসবের পাশাপাশি বিকেলে জেলা কমিশনারের উদ্যোগে মহাসভার এক প্রতিনিধি দল রামনগর আইএসবিটিতে কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব আমার সঙ্গে। মুখ্যমন্ত্রীও তাদের দাবি-দাওয়া পূরণ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল প্রাথমিক স্তরে বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষাকে শিক্ষার মাধ্যম হিসেবে চালু করা, বিষ্ণুপ্রিয়া মণিপুরি ভাষার জন্য ৩০০টি শিক্ষক পদ সৃষ্টি করা, কেন্দ্রীয় ওবিসি তালিকায় অন্তর্ভুক্তির গেজেট নোটিফিকেশন প্রকাশ এবং বিষ্ণুপ্রিয়া মণিপুরি অটোনোমাস কাউন্সিল গঠন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস পাওয়ায় আপাতত আন্দোলন স্থগিত রাখা হয়েছে। তবে দাবিগুলোর বাস্তবায়ন না হলে ভবিষ্যতে পুনরায় আন্দোলনের পথে নামার হুঁশিয়ারিও দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *