বরাক তরঙ্গ, ১৮ মার্চ : রোজার প্রথম দিন থেকে শুরু, তারপর দীর্ঘ ২৮ দিনের পথ পেরিয়ে বুধবার সম্পন্ন হল শিলচরের অগ্রণী সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংস্থা ‘খোঁজ’-এর ইফতার বিতরণ কর্মসূচি।
শহরের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন যেন এক অনন্য সম্প্রীতির ছবি তুলে ধরল। ভিন্ন ভিন্ন সম্প্রদায়ের মানুষ একসঙ্গে এগিয়ে এসে ইফতারের এই উদ্যোগকে করে তুলেছেন আরও অর্থবহ, ধর্মের বিভাজনরেখা পেরিয়ে এখানে মুখ্য হয়ে উঠেছে মানুষের একটাই পরিচয়, মানুষ।
শুরুর দিকে প্রতিদিন ৫০-৬০ জনের ইফতার দিয়ে সূচনা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তা রূপ নেয় বৃহত্তর আয়োজনে। বিশেষত গত শুক্রবার ও তারপর রবিবার, এই দু’দিন ২৫০ থেকে ৩৫০ জন মানুষের সমাগমে ইফতার প্রাঙ্গণ হয়ে ওঠে এক মিলনমেলা।
এই উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে এসেছেন শহরের বিভিন্ন স্তরের মানুষ। খোঁজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ইফতার বিতরণ কর্মসূচি বাস্তবায়নে সাহায্যের হাত বাড়িয়েছেন প্রসেনজিৎ ভট্টাচার্য, গৌতম ব্যানার্জি, বিশ্বতোষ চৌধুরী, সাগর চক্রবর্তী, চম্পা ভট্টাচার্য, বুদ্ধদেব চৌধুরী, আখতার হোসেন মজুমদার, অরিজিৎ গুপ্ত, পরিতোষচন্দ্র দত্ত, সমর ঘোষ, ডাঃ আবুল হোসেন বড়ভূইয়া, ডাঃ ইকবাল বাহার, আবিদুর রহমান চৌধুরী, সুজন দত্ত, পার্থপ্রতিম ঘোষ, গৌতম পাল, বিক্রম পাল, অমিত চক্রবর্তী, নিশা শর্মা, স্বর্ণালী চৌধুরী, রেজওয়ান খান, মহিব হোসেন, মিলন উদ্দিন লস্কর, রাতুল ভট্টাচার্য, মৃণাল নাথ, মৃণাল রায় সহ আরও অনেকে।
সংস্থার সাধারণ সম্পাদক সজল লস্কর বলেন, এই ইফতার কর্মসূচি আমাদের কাছে শুধু ধর্মীয় অনুষঙ্গ নয়। এটি মানুষে মানুষে সম্পর্ক গড়ার এক সেতু। সকলের অংশগ্রহণ আমাদের আরও এগিয়ে যেতে সাহস জোগায়।
এই আয়োজনের মাঝেই ধরা পড়েছে এক হৃদয়স্পর্শী মুহূর্ত। সজল লস্করের শিশু-পুত্র স্মিথ নিজের সঞ্চিত ৪৪ হাজার ৬৫০ টাকা অসহায় মানুষের জন্য সংস্থার হাতে তুলে দেয়। ছোট্ট এই উদ্যোগ যেন বড়দের কাছেও এক নিঃশব্দ বার্তা, মানবিকতার কোনও বয়স নেই। সংস্থার সভাপতি ডাঃ এম মাসুম বলেন, সমাজসেবা কোনও নির্দিষ্ট গণ্ডিতে আটকে থাকে না। আমরা চাই, শিলচরের প্রতিজন মানুষ এই উদ্যোগের অংশ হবেন। এই সম্প্রীতির চিত্রই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
এছাড়া, ১৯ মার্চ বৃহস্পতিবার ফাটক বাজার নিউ মার্কেট সংলগ্ন মসদ্দর আলি সুপারমার্কেটের চতুর্থ তলায় জাকাতের অর্থে কেনা ৫৫০টি খাদ্যদ্রব্যের প্যাকেট বিতরণ করা হবে।
রোজার এই দীর্ঘ পর্ব শেষে শিলচরের বুকে ‘খোঁজ’-এর উদ্যোগ আবারও মনে করিয়ে দিল, মানুষের পাশে দাঁড়ানোর ভাষা একটাই, সেটি মানবিকতা।




