বাজা‌রিছড়ায় কফ সিরাপ বাজেয়াপ্ত, আটক অল্টো গাড়ি সহ চালক

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : বাজা‌রিছড়ায় পুলিশের জালে নেশার চালান, আটক অল্টো সহ এক হাজার বোতল কফ সিরাপ। পুলিশের জালে ধরা পড়ল প্রায় দশ লক্ষ টাকার নিষিদ্ধ নেশাযুক্ত কফ সিরাপ সহ একটি গাড়ি।ঘটনায় আটক করা হয় এক ব্যক্তিকে।  শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদ বাজা‌রিছড়া থানাধীন অসম-মিজোরাম-ত্রিপুরা সীমান্তঘেঁষা বালিপিপলা জিপির দেওয়ালি এলাকায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ নিষিদ্ধ নেশাযুক্ত কফ সিরাপ। পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আটক করেছে গাড়ির চালককে।ধৃত ব্যক্তির নাম নিথেশ দাস (৩৫)। বাজা‌রিছড়া থানার আওতাধীন রাঙ্গামাটি এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, শুক্রবার সকালে শ্রীভূমি দিক থেকে ত্রিপুরা পৌঁছানোর উদ্দেশ্যে একটি অল্টো কে-১০ গাড়ি (নম্বর TR-05-H-0387) লঙ্গাই নদীর পশ্চিম পাড়ের ফাঁড়ি পথ ধরে এগিয়ে আসছিল। সীমান্তঘেঁষা হওয়ায় এলাকাটিতে আগে থেকেই নজরদারি জোরদার ছিল। সেই সময় কর্তব্যরত এপি ব্যাটেলিয়ান কর্মীদের সন্দেহ হলে গাড়িটিকে দেওয়ালি এলাকায় দাঁড় করানো হয়।গাড়িতে প্রাথমিক তল্লাশি চালাতেই এপি ব্যাটেলিয়ান কর্মীদের নজরে আসে বিপুল পরিমাণ নেশাযুক্ত কফ সিরাপ। বিষয়টি নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গেই বাজা‌রিছড়া থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে তৎক্ষণাৎ বাজা‌রিছড়া থানার ওসি বিশ্বজ্যোতি দেউরি, নাগ্রা ওয়াচ পোস্টের ইনচার্জ অভিজিত ভরালী সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতির গুরুত্ব বুঝে পাথারকান্দি সমজেলার পুলিশ সুপার অনির্বাণ শর্মাও সেখানে উপস্থিত হন।তাঁদের উপস্থিতিতেই গাড়িটির পুঙ্খানুপুঙ্খ তল্লাশি চালানো হয়। তল্লাশিতে গাড়ির ভিতর থেকে মোট দশটি বস্তায় ভরা এক হাজার বোতল নিষিদ্ধ নেশাজাতীয় কফ সিরাপ উদ্ধার করা হয়। পুলিশের মতে, পাচারকারীরা কৌশলে এই নেশা সামগ্রী ত্রিপুরায় পাঠানোর পরিকল্পনা করেছিল।ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অনির্বাণ শর্মা জানান, উদ্ধার হওয়া নেশা সামগ্রীর আনুমানিক কালোবাজারি মূল্য প্রায় দশ লক্ষ টাকা। তিনি আরও জানান, এই পাচারচক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না, সে বিষয়ে তদন্ত শুরু হয়েছে এবং প্রয়োজনে আরও গ্রেফতারি হতে পারে।পরে ধৃত চালক নিথেশ দাস সহ উদ্ধারকৃত নেশা সামগ্রী এবং পাচারে ব্যবহৃত অল্টো গাড়িটি বাজা‌রিছড়া থানার পুলিশ নিজেদের হেফাজতে নেয়। এ ঘটনায় এনডিপিএস আইনে একটি মামলা রুজু করে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *