বরাক তরঙ্গ, ১৮ মার্চ : শিলচরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জেলা কমিশনারের কার্যালয়ের এক যানচালক। মৃতের নাম হরি সিংহ (৫৯)। তিনি শিলচরের রামনগর লামারগ্রামের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, মঙ্গলবার বেলা প্রায় সাড়ে ১১টা নাগাদ হরি সিংহ স্কুটিতে করে যাওয়ার সময় রামনগর আইএসবিটি সংলগ্ন এলাকায় একটি বোলেরো গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
হরি সিংহ মূলত মৎস্য দফতরের যানচালক হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে জেলা কমিশনারের কার্যালয়ে সংযুক্ত (অ্যাটাচমেন্ট) অবস্থায় দায়িত্ব পালন করছিলেন। তিনি স্ত্রী, এক পুত্রসহ অন্যান্য আত্মীয়-পরিজন রেখে গেছেন। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় জেলা কমিশনারের কার্যালয়ের কর্মীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।




