শিলচরে হনুমান জয়ন্তীর বর্ণাঢ্য শোভাযাত্রা, উৎসবে মুখর শহর

Spread the news

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর শহর শনিবার হনুমান জয়ন্তী উপলক্ষে উৎসবের রঙে রাঙিয়ে উঠল। সকাল থেকেই শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রায় হাজারো ভক্তের অংশগ্রহণে শহরের প্রধান সড়কগুলো জমে ওঠে। শোভাযাত্রার সূচনা হয় শিলচরের ঐতিহ্যবাহী হনুমান মন্দির প্রাঙ্গণ থেকে। সুসজ্জিত রথে করে বিশালাকার হনুমান-এর প্রতিমা শহর পরিক্রমায় বের হয়। প্রতিমাটি ফুলের মালা ও অলঙ্কারে সজ্জিত ছিল, যা ভক্তদের বিশেষভাবে আকর্ষণ করে।

মিছিলে অংশ নেন বজরং দলের অসংখ্য সদস্য। লাল-কমলা রঙের পোশাকে সজ্জিত হয়ে ঢাক-ঢোলের তালে নাচ-গান এবং ‘জয় হনুমান, জয় বজরংবলী’ ধ্বনিতে মুখরিত করে তোলেন গোটা শহর। অনেকেই লাঠিখেলা ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা প্রদর্শন করে দর্শকদের মনোরঞ্জন করেন। পাশাপাশি ভজন-কীর্তনের সুরে উৎসবের আবহ আরও উজ্জ্বল হয়ে ওঠে।

রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষ ফুল ছিটিয়ে শোভাযাত্রাকে স্বাগত জানান। গোটা শিলচর শহরজুড়ে এদিন উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *