রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : বড়খলা ও ধলাই বিধানসভা এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেস ও নির্দলীয় প্রার্থীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার বড়খলা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কিশোর নাথের সমর্থনে আয়োজিত “বিজয় সংকল্প সমাবেশে” অংশ নিয়ে তিনি একাধিক জনমুখী প্রতিশ্রুতি ঘোষণা করেন।
সমাবেশটি কার্যত বিজেপি সমর্থকদের জনসমুদ্রে পরিণত হয়। মুখ্যমন্ত্রীকে সামনে পেয়ে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আসন্ন নির্বাচনে বিজেপি পুনরায় ক্ষমতায় এলে বরাক উপত্যকায় প্রায় দুই লক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। সেনাবাহিনী, চিকিৎসক, শিক্ষক এবং গ্রেড-৩ পদে নিয়োগের পাশাপাশি বাংলা ও হিন্দি মাধ্যমের শিক্ষার্থীদের জন্য বিশেষ টেট (TET) পরীক্ষার ব্যবস্থাও করা হবে বলে তিনি আশ্বাস দেন।

এছাড়াও বড়খলা এলাকার প্রায় ১০ হাজার যুবক-যুবতীকে দুই লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেন তিনি। মহিলাদের জন্য ২৫ হাজার টাকা করে বিশেষ অনুদান এবং রেশন কার্ডধারীদের এক লিটার সরষের তেল দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, কিশোর নাথ নির্বাচিত হলে আরও ১০ হাজার যুবককে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হবে।
পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও একাধিক প্রকল্পের কথা ঘোষণা করেন তিনি। রাজনগরে একটি নতুন সেতু এবং তাপাং এলাকায় একটি কলেজ স্থাপনের আশ্বাস দেন। বক্তব্য রাখতে গিয়ে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও গৌরব গগৈকে কটাক্ষ করতেও ছাড়েননি।



