বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : অসম প্রদেশ কংগ্রেস কমিটির প্রাক্তন সভাপতি তথা জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ভূপেন বরা হঠাৎ দল থেকে পদত্যাগ করার পর রাজ্যের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তাঁর পদত্যাগের পরই প্রতিক্রিয়া জানিয়ে একাধিক রাজনৈতিক ভবিষ্যদ্বাণী করেছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শৰ্মা। এর পর কোন কোন জ্যেষ্ঠ কংগ্রেস নেতা দলত্যাগ করতে পারেন, সে বিষয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি বলেন, আগামি ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে জ্যেষ্ঠ কংগ্রেস নেতা প্ৰদ্যুৎ বরদলৈও কংগ্রেস দল ছাড়বেন।
মুখ্যমন্ত্রী বলেন, “আমি যখন বলেছিলাম ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই ভূপেন বরা কংগ্রেস ছাড়বেন, তখন অনেকেই বিশ্বাস করতে পারেননি। আজ আমি দ্বিতীয় ভবিষ্যদ্বাণী করছি যে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে প্ৰদ্যুৎ বরদলৈও কংগ্রেস ত্যাগ করবেন। দেবব্ৰত শইকিয়া এইবার নির্বাচনে পরাজিত হবেন। পরাজয়ের পর তাঁকে আমাদের দলে নিয়ে আসব। কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী হিতেশ্বর শইকিয়ার প্রতি আমার ঋণ রয়েছে। সেই কারণে নির্বাচনে হারের পর তাঁকে আমাদের দলে যোগদান করানো হবে।” মুখ্যমন্ত্রী আরও বলেন, “দেবব্ৰত শইকিয়া বর্তমানে খুব একটা সন্তুষ্ট নন। তিনি কী বলেন, তা অন ক্যামেরায় বলা সম্ভব নয়, কিন্তু অফ ক্যামেরায় তিনি অনেক কথাই বলেন, যা আপনারাও জানেন। এমনকি অফ ক্যামেরায় তিনি কংগ্রেসের নানা অভ্যন্তরীণ বিষয় নিয়েও আলোচনা করেন।”
এদিকে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে জানান, প্ৰদ্যুৎ বরদলৈ ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে দলত্যাগ করবেন, আর দেবব্ৰত শইকিয়া ২০২৭ সালে অর্থাৎ বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সিদ্ধান্ত নিতে পারেন। তিনি আরও বলেন, ভূপেন বরার তুলনায় আরও বড় অপমানের সম্মুখীন হতে পারেন প্ৰদ্যুৎ বরদলৈ। তাঁর কথায়, “আজ আমি ভবিষ্যদ্বাণী করছি, প্ৰদ্যুৎ বরদলৈ যে অপমানের সম্মুখীন হবেন, তা কেউ কল্পনাও করতে পারবেন না।”



