২৪ জুলাই : দিল্লিতে ককরোচ জনতা পার্টির নেতৃত্বে পড়ুয়াদের আন্দোলনে পুলিশের ‘বর্বরোচিত’ লাঠিচার্জের ঘটনায় সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলার আবেদন হয়। সেই আবেদনে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না, নিজের সময়ও নষ্ট করবেন না।’ এরকমই দাবি করে সংবাদমাধ্যমে খবর করা হয়েছিল। সেই প্রতিবেদনের দাবি ‘সম্পূর্ণ মিথ্যা’ বলে শুক্রবার দাবি করলেন প্রধান বিচারপতি।
এ দিন আদালতে বিষয়টি স্পষ্ট করে প্রধান বিচারপতি জানান, এই বিষয়ে সুপ্রিম কোর্টে কোনও রিট পিটিশন বা মামলা দায়ের হয়নি। দেশের প্রধান বিচারপতির ব্যাখ্যা, তাঁর সামনে শুধুমাত্র একজন আইনজীবীর পাঠানো একটি চিঠি বা আবেদনপত্র পেশ করা হয়েছিল। কোনও পিটিশন জমা দেওয়া হয়নি।
প্রধান বিচারপতি বলেন, ‘গত দু’দিনে সম্পূর্ণ মিথ্যা কথা ছড়ানো হয়েছে। সংবাদমাধ্যম কোনও দায়বদ্ধতা ছাড়াই মিথ্যা খবর প্রচার করছে। বলা হচ্ছে, প্রধান বিচারপতি নাকি বিষয়টি তালিকাভুক্ত করতে অস্বীকার করেছেন। আজ সকাল ১০টা পর্যন্ত একটি পাতাও জমা পড়েনি। এটি ছিল কেবল একটি আবেদনপত্র… যা মিশ্র নামে কেউ একজন পাঠিয়েছিলেন। আমি কী ভাবে সেই আবেদনপত্রকে রিট পিটিশন হিসেবে গণ্য করতে পারি? অথচ মানুষজন বেপরোয়া ভাবে এ নিয়ে খবর প্রচার করতে শুরু করেছে।’
উল্লেখ্য, ছাত্র বিক্ষোভে পুলিশের পদক্ষেপ নিয়ে প্রধান বিচারপতির উদ্দেশে লেখা নিজের চিঠি বা আবেদনপত্রের বিষয়টি আইনজীবী নরেন্দ্র মিশ্র মৌখিকভাবে উত্থাপন করার পরে প্রধান বিচারপতি তাঁকে বলেন, ‘আমাদের সময় নষ্ট করবেন না, নিজের সময়ও নষ্ট করবেন না।’ আইনজীবী যখন বলেন, তাঁর কাছে পুলিশের বেপরোয়া লাঠিচার্জের ভিডিয়ো রয়েছে। তখন প্রধান বিচারপতি উত্তরে বলেন, ‘আমরা ভিডিয়োর ব্যাপারে আগ্রহী নই; সেগুলো দেখার মতো সময় আমাদের নেই।’



