বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : আজ থেকে শুরু হয়েছে অসম বিধানসভার বাজেট (লেখানুদান) অধিবেশন। সোমবার সকাল ৯-৩০টায় লক্ষ্মণপ্রসাদ আচার্যের ভাষণের মাধ্যমে অধিবেশনের কার্যসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই অধিবেশনটি পঞ্চদশ অসম বিধানসভার শেষ অধিবেশন হিসেবে বিবেচিত হচ্ছে।
এই অধিবেশন শেষে ২০২৬–২৭ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন অসম বিধানসভার সাধারণ নির্বাচনের পর, অর্থাৎ আগামী জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ১৬ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চারদিনব্যাপী অনুষ্ঠিত হতে যাওয়া এই অধিবেশনটি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বর্তমান কার্যকালের শেষ অধিবেশন।
এই অধিবেশনেই চলতি বছরের ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত অন্তর্বর্তীকালীন সময়ের জন্য বাজেট ‘লেখানুদান’ বা Vote on Account Budget পেশ করা হবে।
ভারতীয় সংবিধানের ১৭৬ (১) অনুচ্ছেদ অনুযায়ী সোমবার, ১৬ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের মাধ্যমে অধিবেশন শুরু হয়েছে।
‘Vote on Account’ হল এমন একটি অন্তর্বর্তীকালীন বাজেট ব্যবস্থা, যার মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বছর বা নতুন পূর্ণাঙ্গ বাজেট অনুমোদিত না হওয়া পর্যন্ত সরকারের আর্থিক কার্যক্রম যাতে ব্যাহত না হয় এবং সরকারের দৈনন্দিন ও জরুরি ব্যয় নির্বাহ করা যায়, সেই জন্য সংসদ বা বিধানসভা অস্থায়ীভাবে অনুমোদন প্রদান করে।
আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে মে মাসে নতুন সরকার গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসনিক ব্যয় নির্বাহের জন্য এই অধিবেশনে ১৭ ফেব্রুয়ারি লেখানুদান বাজেট অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।



