বরাক তরঙ্গ, ৮ মার্চ : কৃষি, পশুপালন ও মৎস্যচাষের উন্নয়নকে সামনে রেখে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে ১৯তম বৈজ্ঞানিক পরামর্শদাতা কমিটির বৈঠক শনিবার সফলভাবে অনুষ্ঠিত হয়। বিআর দত্ত অডিটোরিয়ামে আয়োজিত এই বৈঠকে জেলার কৃষি ক্ষেত্রের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণ শিক্ষা অধিদপ্তরের পরিচালক মনোরঞ্জন নেওগ। বৈঠকের আগে তিনি কেভিকে-র প্রদর্শনী ইউনিট ও প্রাকৃতিক চাষাবাদ ইউনিট পরিদর্শন করেন এবং সমন্বিত কৃষি পদ্ধতির (আইএফএস–২) ইউনিটের উদ্বোধন করেন। ভবিষ্যতে এই ইউনিটকে অ্যাগ্রো-ইকো ট্যুরিজম পার্কে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। পরে তিনি বৈঠকের সভাপতিত্ব করেন।
বৈঠকে কাছাড়ের জেলা কৃষি আধিকারিক ড. রাহুল চক্রবর্তী, জেলা পশুপালন আধিকারিক ড. কল্যাণ পাঠক, জেলা ভেটেরিনারি সহকারী পরিচালক ড. জিতেন্দ্র ভূঞা, ন্যাশনাল ব্যাঙ্ক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ডিডিএম রবিসংকর লিকমাবাম, শ্রীভূমির জেডআরএস-এর ড. পারভীন খান, মৎস্য উন্নয়ন আধিকারিক জ্যোতিময়ী দাস ও নিকি বরা, বিএমএফের ড. তেজবাহাদুর সিং, ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কো-অপারেটিভের সাইকত দাসসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়াও দুইজন মহিলা উদ্যোক্তা, আটজন অগ্রগামী কৃষক এবং শালছাপরা এফপিসির প্রতিনিধিরাও বৈঠকে অংশ নেন।
কেভিকে-র জ্যেষ্ঠ বিজ্ঞানী ড. এসসি বিশ্বাস স্বাগত ভাষণ দেন। বৈঠকে জেলার কৃষি ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষজ্ঞ ও কৃষকদের মতামত গ্রহণ করে আগামী দিনের পরিকল্পনাও চূড়ান্ত করা হয়। শেষে কৃষকদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে বৈঠকের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠান আয়োজনে হর্টিকালচার বিজ্ঞানী মনোরঞ্জন রায়, প্লান্টেশন প্রোডাকশন আধিকারিক হিমাংশু মিশ্র, পশু বিজ্ঞানী ড. থমাস তায়ে, অনিন্দিতা দাস, হারলংবি তিমুং, স্বাতী বিশ্বাস, প্রসেনজিৎ সিনহা, বিশ্বজিৎ ডেকা ও নংচ টেরনসহ অন্যান্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই বৈঠক কাছাড় জেলার কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।



