বরাক তরঙ্গ, ২২ মার্চ : রাজ্যে চারদিকে যখন নির্বাচনী উত্তাপ তুঙ্গে, সেই সময়েই তিনসুকিয়া জেলার অসম-অরুণাচল প্রদেশ সীমান্তবর্তী জাগুন এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর ও ভয়ংকর হামলার ঘটনা। শনিবার গভীররাত প্রায় দু’টা নাগাদ জাগুনের দশ মাইল এলাকায় অবস্থিত অসম পুলিশের কমান্ডো শিবিরে সন্দেহভাজন আলফা (স্বাধীন) জঙ্গিদের একটি বড় দল আকস্মিক আক্রমণ চালায়।
জানা গেছে, হামলাকারীরা শিবির লক্ষ্য করে ৪-৫টি গ্রেনেড ও আরপিজি (RPG) নিক্ষেপ করে এবং লাগাতার গুলি চালাতে থাকে। পাল্টা জবাব দেয় অসম পুলিশও। ফলে প্রায় ৩০ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে তীব্র গুলিযুদ্ধ চলে। এই হামলায় অসম পুলিশের চারজন কমান্ডো জওয়ান আহত হন। আহতদের দ্রুত জয়রামপুরের বিভাগীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য ডিব্রুগড়ের অসম মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তাঁরা সেখানেই চিকিৎসাধীন।

আহত জওয়ানদের পরিচয় পাওয়া গেছে—যোরহাটের চিত্তরঞ্জন মিলি, দেবাশিস বরা, চাবুয়ার রবি গড় এবং গোয়ালপাড়ার জমবুচ মারাক। ঘটনার খবর পেয়ে তিনসুকিয়ার জ্যেষ্ঠ পুলিশ সুপার মায়ঙ্ক কুমারের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশাল দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। হামলাকারীদের খোঁজে জোরদার অভিযান চালানো হলেও এখনও পর্যন্ত পুলিশ বা আলফা (স্বাধীন)-এর পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে এই ধরনের হামলায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এক স্থানীয় যুবক জানান, “আমি ঘুমিয়ে ছিলাম। হঠাৎ প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। বাইরে তাকিয়ে বুঝতে পারি গুলির শব্দ হচ্ছে। প্রায় ২৫ মিনিট ধরে গুলির আওয়াজ শুনেছি। খুব ভয় পেয়েছিলাম, কারণ এলাকা জনবসতিপূর্ণ।”




