বরাক তরঙ্গ, ৮ মার্চ : শিলচরের রংপুর এলাকায় এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। রবিবার মৃতদেহ নিয়ে সড়ক অবরোধ করে প্রতিবাদে সামিল হন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), সদর থানার ওসি এবং তারাপুর থানার ইনচার্জসহ পুলিশের একটি দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মৃত যুবকের পরিবারের সদস্যরা জানান, হোলির দিন কিছু দুষ্কৃতিকারী সাজন দেবকে মাথায় গুরুতর আঘাত করে। আঘাত পেয়ে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা বিষয়টি দেখে পরিবারের সদস্যদের খবর দেন। পরে পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে সঙ্কটজনক অবস্থায় সাজন দেবকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
পরিবারের পক্ষ থেকে কয়েকজনের বিরুদ্ধে রংপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালেই মৃত্যু হয় সাজন দেবের।

এদিকে, ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে স্থানীয়রা সাজন দেবের মৃতদেহ নিয়ে রংপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।



