ধলাইয়ে কংগ্রেস প্রার্থীর পোস্টার ছেঁড়ার অভিযোগে উত্তেজনা

Spread the news

দিলোয়ার বড়ভূইয়া, কাবুগঞ্জ।
বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে ধলাই কেন্দ্রে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ, পালংঘাট ব্লকের দর্মিখাল মণ্ডলের বিভিন্ন এলাকায় দলীয় প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থের ব্যানার, পোস্টার ও অন্যান্য প্রচার সামগ্রী পরিকল্পিতভাবে ছিঁড়ে ফেলা হয়েছে। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দর্মিখাল মণ্ডল কংগ্রেস সভাপতি অরবিন্দ দাসসহ দলের নেতারা বলরাম রিকিয়াসন ও সুহাশ দে বলেন, এ ধরনের কাজ গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনী পরিবেশকে ব্যাহত করছে। তাঁদের দাবি, ক্রমবর্ধমান জনসমর্থনে বিচলিত হয়ে বিরোধী শিবির এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে।
ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে কংগ্রেস নেতৃত্ব প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছে। পাশাপাশি তারা জানিয়েছে, সকল প্ররোচনা সত্ত্বেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচনী প্রচার চালিয়ে যাবে দল।

এ প্রসঙ্গে পালংঘাট ব্লক কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সিং বলেন, “এই ধরনের নিন্দনীয় ঘটনা প্রমাণ করে বিরোধী পক্ষ চাপে রয়েছে। ধলাইয়ের মানুষের সমর্থনে আমাদের প্রার্থীর জয় নিশ্চিত বলেই আমরা আশাবাদী।”

কংগ্রেসের পক্ষ থেকে ধলাইবাসীর কাছে উন্নয়ন, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানানো হয়েছে। ঘটনাটি ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে এবং নির্বাচনী পরিবেশে এর প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *