ভোটের দু’দিন আগে ধাক্কা, কংগ্রেস ছাড়লেন সূর্যকান্ত

Spread the news

৭ এপ্রিল : রাজ্য বিধানসভা নির্বাচনের দু’দিন আগে কাছাড় জেলা কংগ্রেসে বড় ধাক্কা। দল ছাড়লেন ২০২৪-এর শিলচর লোকসভা আসনের দলীয় প্রার্থী সূর্যকান্ত সরকার। সোমবার দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে দলের প্রাথমিক সদস্যপদ থেকে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

পদত্যাগপত্রে সরকার উল্লেখ করেছেন, দলের প্রতি তাঁর আন্তরিক নিষ্ঠা ও অবিচল অঙ্গীকার থাকা সত্ত্বেও দলীয় নেতৃত্বের খামখেয়ালিপনার জন্য পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। বিগত লোকসভা নির্বাচনে তিনি পরাজিত হলেও সংগঠনকে চাঙ্গা করার ব্যাপারে নানা পরামর্শ প্রদান করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত তাঁকে কোনও গুরুত্বই দেওয়া হয়নি। এতে তিনি দারুণ মর্মাহত হয়েছেন। তাঁর মনে হয়েছে তিনি তফসিলি সম্প্রদায়ের মানুষ হওয়ায় তাঁকে অবহেলা করা হয়েছে।

এছাড়াও সূর্যকান্ত পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন, এপিসিসি নেতৃত্বের কিছু কার্যকলাপ বিশেষ করে সাংগঠিক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তিনি অসন্তুষ্ট। সাংগঠনিক নিয়োগ এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো বিশেষ করে বরাক উপত্যকায় মেধা, নিষ্ঠা এবং তৃণমূল স্তরের অবদান ছাড়া অন্য বিষয় দ্বারা প্রভাবিত হচ্ছে। মনোনয়নের ধরন সেটি কোনও কমিটির জন্যই হোক বা নির্বাচনী সুপারিশের জন্যই হোক, সবসময় প্রকৃত দলীয় কর্মীদের কঠোর পরিশ্রম ও অঙ্গীকারকে প্রতিফলিত করে না। এসব পরিস্থিতি সহ আরও কয়েকটি কারণে দলের সঙ্গে তিনি সম্পর্ক ছিন্ন করতে বাধ্য হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *