সুপার ডিভিশন ক্রিকেট ফাইনালে ইন্ডিয়া ক্লাব, ৫ মার্চ ২য় সেমিফাইনাল

Spread the news

ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ,২ মার্চ : শিলচর সুপার ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উঠল ঐতিহ্যবাহী ইন্ডিয়া ক্লাব। সোমবার প্যারামাউন্ট স্কুল কাপ সুপার ডিভিশন ক্রিকেটের প্রথম সেমিফাইনালে তারা বাজিমাত করে। হারায় ইটখলা অ্যাথলেটিক ক্লাবকে। ৫৭ রানের বড় ব্যবধানে। রাতের বৃষ্টির দরুন দেরিতে খেলা শুরু হওয়ায় ২০ ওভারের ম্যাচ আয়োজন করা হয়। প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ পেয়ে ইন্ডিয়া ক্লাব নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে করে ১৬৫ রান।

ইন্ডিয়া ক্লাবের ব্যাটারদের মধ্যে অমন সিং করেন ২৮ বলে ৫৫ রানের দুর্দান্ত এক ইনিংস। এর মধ্যে রয়েছে চারটি করে চার ও ছক্কার মার। এছাড়া প্রশান্ত কুমার ৩৩, প্রশান্ত সনোয়াল অপরাজিত ২০ এবং দিবাকর জোহরি ১৫ রান করেন। অতিরিক্তের খাতা থেকে আসে ২৩ রান। ইটখলার আব্দুল হাসান লস্কর (৩-১৫) তিন উইকেট নেন। দু’টি করে উইকেট শিকার করেন অভিজিৎ দে (২-২৮) ও প্রিয়াংশু পাল (২-৪৯)। রান তাড়া করতে নেমে ইটখলা ১০৮ রানের মাথায় আটকে যায়। ১৯.২ ওভারে সবকটি উইকেট খুইয়ে ফেলে তারা। ইটখলা এসির ব্যাটারদের মধ্যে রেশভ দীপক (৩১ বলে ৩৩) সর্বাধিক রান করেন। এছাড়া বিশাল রায় (১৮), জুলিয়েন কোঁওর (১৬) ও প্রসেনজিৎ (১১) রান করেছেন। ইন্ডিয়া ক্লাব অধিনায়ক যোগেশ্বর ভূমিজ বল হাতে নিয়ে সামনে থেকে দলকে যোগ্য নেতৃত্ব দেন। তাঁর বোলিং বিশ্লেষণ এরকম-৪-১-১৪-৩।

এছাড়া অমিত যাদব (২-১৭) দুই উইকেট পেয়েছেন। একটি করে উইকেট নেন শমীক দাস, দিবাকর জোহরি, অমিত যাদব ও সুদর্শন সিনহা। এদিন ম্যাচ সেরার পুরস্কার লাভ করেন যোগেশ্বর ভূমিজ। তাঁর হাতে পুরস্কার তুলে দেন প্যারামাউন্ট স্কুলের ম্যানেজিং ডিরেক্টর সুধাংশু কুমার দাস।  আসরের দ্বিতীয় সেমিফাইনাল আগামী ৫ মার্চ। এতে ইটখলা স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে টাউন ক্লাবের বিরুদ্ধে। উল্লেখ্য, গত তিনবার লাগাতার সুপার ডিভিশনে চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেছে ইন্ডিয়া ক্লাব। এবারেও ট্রফি নিজেদের ঘরে তোলার প্রত্যাশায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *