এসইউসিআই-র জোরদার প্রচার, কাছাড় জুড়ে পথসভা ও জনসভা

Spread the news

বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থীদের সমর্থনে কাছাড় জেলার বিভিন্ন এলাকায় জোরদার প্রচার ও একাধিক পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দলের উদ্যোগে শিলচর, উদারবন্দ এবং সোনাই বিধানসভা কেন্দ্রজুড়ে জনসংযোগ ও পথসভার আয়োজন করা হয়।

শিলচর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভবতোষ চক্রবর্তীর সমর্থনে রামনগর টিলাগ্রাম, কলেজ রোড ও মধুরবন্দ এলাকায় পৃথক পৃথক পথসভা অনুষ্ঠিত হয়। সভাগুলিতে উপস্থিত ছিলেন দলের কাছাড় জেলা কমিটির সদস্য সুব্রত চন্দ্র নাথ, প্রার্থী ভবতোষ চক্রবর্তী এবং স্বাগতা ভট্টাচার্য। বক্তারা সরকারের জনবিরোধী নীতির তীব্র সমালোচনা করে সাধারণ মানুষের অধিকার রক্ষায় এসইউসিআই (সি)-কে শক্তিশালী করার আহ্বান জানান।

অন্যদিকে, উধারবন্দ কেন্দ্রের প্রার্থী দিলীপকুমার রীর সমর্থনে দুধপাতিল বাগান ও কাঠলওয়ালা বাজার এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। বক্তারা মেহনতি মানুষের নানাবিধ সমস্যার কথা তুলে ধরে এর জন্য পুঁজিবাদী ব্যবস্থাকেই দায়ী করেন। তাদের বক্তব্য, কংগ্রেস ও বিজেপি উভয় দলই পুঁজিবাদের রক্ষক। তাই এই দুই দলের প্রার্থীদের পরাজিত করে এসইউসিআই (কমিউনিস্ট)-এর প্রার্থী দিলীপকুমার রী-কে জয়ী করার আহ্বান জানানো হয়।

এছাড়াও, সোনাই বিধানসভা কেন্দ্রের প্রার্থী অঞ্জনকুমার চন্দ-এর সমর্থনে স্বাধীন বাজার এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন রামকুমার বাগতি, খাদেজা বেগম লস্কর, আপনলাল দাস এবং প্রার্থী অঞ্জনকুমার চন্দ। বক্তারা মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে আরও জোরদার করতে দলের প্রতীক ‘টর্চ লাইট’-এ ভোট দেওয়ার আবেদন জানান। সবক’টি পথসভাতেই সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সমর্থন লক্ষ্য করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *