এসইউসিআই-র জোরদার প্রচার, গণআন্দোলনের পক্ষে জনসমর্থনের আহ্বান

Spread the news

বরাক তরঙ্গ, ৪ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জোরদার প্রচারে নেমেছে এসইউসিআই (কমিউনিস্ট) দল। শনিবার শিলচর, কাটিগড়া, সোনাই ও ধলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলের প্রার্থীদের সমর্থনে একাধিক পথসভা ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। শিলচর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ভবতোষ চক্রবর্তীর সমর্থনে রানিঘাট, মজুমদার বাজার এবং তারাপুর অসমিয়া বস্তিতে আয়োজিত পথসভায় বক্তব্য রাখেন দলের কাছাড় জেলা কমিটির সদস্য সুব্রতচন্দ্র নাথ, স্বাগতা ভট্টাচার্য এবং প্রার্থী নিজে। বক্তারা অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করে শিলচর কেন্দ্রের বিভিন্ন এলাকা যুক্ত ও কর্তন করা হয়েছে, যার উদ্দেশ্য এখনও অস্পষ্ট। পাশাপাশি গ্রামীণ ও শহরাঞ্চলের মানুষ দীর্ঘদিন ধরে ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত বলেও তারা দাবি করেন। এ অবস্থায় গণআন্দোলনকে শক্তিশালী করার আহ্বান জানান নেতারা।

অন্যদিকে, কাটিগড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিল্লোল ভট্টাচার্যের সমর্থনে ক্রিকপার্ক চা-বাগান, সাদিরখাল ও কালাইন বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রার্থীসহ প্রেমানন্দ দাস, সিরাজ উদ্দীন ও আফজাল হোসেন মজুমদার বক্তব্য রাখেন। তারা অভিযোগ করেন, নির্বাচনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও পরে তা বাস্তবায়িত হয় না। বরাক উপত্যকার বেকার যুবকদের প্রলুব্ধ করতে পৃথক টেট পরীক্ষার ঘোষণা এবং স্থানীয়দের চাকরির প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।

সোনাই বিধানসভা কেন্দ্রের বাঁশকান্দি ও আওলিয়া বাজারেও দলের প্রার্থী অঞ্জনকুমার চন্দের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়। সভায় অধ্যাপক ড. অজয় রায়, রামকুমার বাগতি, আপনলাল দাস প্রমুখ বক্তব্য রেখে পুঁজিপতিদের স্বার্থরক্ষাকারী দলগুলির প্রচারে বিভ্রান্ত না হয়ে প্রকৃত বামপন্থী প্রার্থীকে সমর্থনের আহ্বান জানান।

এদিকে, ধলাই বিধানসভা কেন্দ্রের ধোয়ারবন্দ বাজারে প্রার্থী গৌরচন্দ্র দাসের সমর্থনে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। মাধব ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শ্যামদেও কুর্মীসহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। বক্তারা ধলাই এলাকার বেহাল পরিকাঠামো, হাসপাতাল ও সরকারি কলেজের অভাব এবং চা শ্রমিকদের দুরবস্থার বিষয়টি তুলে ধরেন। তাঁরা বলেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীকে জয়ী করতে হবে। সবকটি সভা থেকেই গণআন্দোলনের শক্তিকে জয়ী করে মানুষের দাবি প্রতিষ্ঠার ডাক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *