ফকরুদ্দিন আলি আহমদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে SUCI-র তীব্র প্রতিবাদ

Spread the news

বরাক তরঙ্গ, ১১ মার্চ : আসাম সরকারের সাম্প্রতিক কেবিনেট বৈঠকে বড়পেটা মেডিক্যাল কলেজের নাম থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমদের নাম বাদ দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে এসইউসিআই (কমিউনিস্ট) দলের অসম রাজ্য কমিটি। গতকাল অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজের নাম সংশ্লিষ্ট এলাকার নামে রাখার যুক্তি দেখিয়ে “ফকরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজ”-এর নাম পরিবর্তন করে “বড়পেটা মেডিক্যাল কলেজ” করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।

এ প্রসঙ্গে দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক প্রেস বিবৃতিতে বলেন, দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের নামে শিক্ষা ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের নামকরণ একটি দীর্ঘদিনের ঐতিহ্য। নতুন প্রজন্মকে ইতিহাস ও আদর্শের সঙ্গে পরিচিত করাতে এই ঐতিহ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি অভিযোগ করেন, বিজেপি পরিচালিত কেন্দ্র ও রাজ্য সরকার সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের ঐতিহ্যকে উপেক্ষা করে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ভোটব্যাঙ্কের আশায় শহর, নগর, জেলা ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের পথে হাঁটছে। ইতিমধ্যেই স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্যমণ্ডিত করিমগঞ্জ জেলার নামও সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে পরিবর্তন করা হয়েছে বলে তিনি দাবি করেন। চন্দ্রলেখা দাস আরও বলেন, করিমগঞ্জ জেলায় সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেই আন্দোলন অব্যাহত থাকবে।

ফকরুদ্দিন আলি আহমদের নাম মুছে ফেলার সিদ্ধান্তের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা ছাড়া অন্য কোনো পথ নেই বলে মন্তব্য করেন তিনি। প্রেস বিবৃতিতে বড়পেটা মেডিক্যাল কলেজের সঙ্গে পুনরায় ফকরুদ্দিন আলি আহমেদের নাম যুক্ত করার জোরালো দাবি জানানো হয়। পাশাপাশি সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *