বরাক তরঙ্গ, ২ এপ্রিল : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাটিগড়া বিধানসভা কেন্দ্রের এসইউসিআই (কমিউনিস্ট) দলের মনোনীত প্রার্থী হিল্লোল ভট্টাচার্যের সমর্থনে নির্বাচনী প্রচার অভিযান চলছে। বৃহস্পতিবার বদরপুর ও গোবিন্দপুর এলাকায় প্রার্থীর সমর্থনে পৃথক দুটি পথসভা আয়োজন করা হয়।
পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এসইউসিআই (সি)-র কাছাড় জেলা কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ড. অজয় রায় শাসকদলের তীব্র সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন যে, নির্বাচন যত এগিয়ে আসছে, ভোটারদের আতঙ্কিত করে ভোট আদায়ের অপচেষ্টা তত বাড়ছে। ড. রায় বলেন, “নির্বাচনী প্রচারে গিয়ে আমরা সাধারণ মানুষের কাছ থেকে গুরুতর অভিযোগ পাচ্ছি। অরুণোদয় বা খাদ্য সুরক্ষা প্রকল্পের উপভোক্তাদের বিভিন্ন জায়গায় হুমকি দেওয়া হচ্ছে যে, শাসকদলের সভা বা মিছিলে উপস্থিত না হলে তাঁদের নাম তালিকা থেকে কেটে দেওয়া হবে। এই অভিযোগ যদি সত্য হয়, তবে তা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য চরম হুমকিস্বরূপ।”
তিনি আরও উল্লেখ করেন, সুস্থ গণতন্ত্রে রাজনৈতিক দলগুলোর উচিত জনগণের মধ্যে গিয়ে মতাদর্শভিত্তিক আলোচনার মাধ্যমে ভোট চাওয়া। কিন্তু ভয়ের পরিবেশ সৃষ্টি করে জনমতকে প্রভাবিত করা আদতে মূল্যবোধের রাজনীতির পরিপন্থী। তিনি সাধারণ মানুষকে নির্ভয়ে এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে মূল্যবোধের রাজনীতিকে জয়যুক্ত করার আহ্বান জানান।
সভায় দলের মনোনীত প্রার্থী হিল্লোল ভট্টাচার্য এলাকার জ্বলন্ত সমস্যাগুলি তুলে ধরেন এবং শোষিত মানুষের অধিকার রক্ষায় এসইউসিআই (সি)-কে ভোট দেওয়ার আবেদন জানান। এছাড়াও বক্তব্য রাখেন হাইলাকান্দি জেলা কমিটির অন্যতম সদস্য আফজাল হোসেন মজুমদার। বক্তারা প্রত্যেকেই বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বামপন্থার প্রয়োজনীয়তা এবং জনস্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।



