মাদকের বিরুদ্ধে ধারাবাহিক সাফল্য লক্ষীপুর পুলিশের

কেএইচ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৩ ফেব্রুয়ারি : মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ধারাবাহিক সাফল্য লক্ষীপুর পুলিশের। দু’দিনে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে মাদক সহ দু’জনকে গ্রেফতার করলেন লক্ষীপুরের সিডিএসপি পৃথ্বিরাজ রাজখোয়া। মঙ্গলবার সকালে মাদক সহ এক যুবককে গ্রেফতার করলেন তিনি। জিরিঘাট থানা এলাকার দিঘলাঙ সেতুর কাছ থেকে এক যুবককে পাকড়াও করেন। তাল্লাশী চালিয়ে তার কাছ থেকে উদ্ধার করেন হেরোইন। ধৃত যুবকের নাম আব্দুল হাসান চৌধুরী। বাড়ি সোনাই থানা এলাকার উত্তর মোহনপুর গ্রামে। তার কাছ থেকে মোট ১১৬ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। এই মাদকের বাজার মূল্য ৬০ লক্ষ টাকা হবে বলে পুলিশের ধারণা। তার বিরুদ্ধে জিরিঘাট থানায় একটি মামলা নথিভুক্ত করে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। জিরিবাম থেকে চোরা পথে এই মাদক সোনাই এলাকায় পাচারের উদ্যেশ্য ছিল। কিন্তু সিডিএসপি পৃথ্বিরাজ রাজখোয়া গোপন সূত্রে খবর পেয়ে তাকে পাকড়াও করে এই মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছেন।

এ দিকে, সোমবার সোনাই কেন্দ্রের বাদ্রিবস্তি থেকে মাদক সহ এক যুবককে গ্রেফতার করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *