রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : গোপন সূত্রের খবরের ভিত্তিতে শনিবার সকালে শিলচরের বারিকনগর দ্বিতীয় খণ্ডে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। সকাল প্রায় ৮টা নাগাদ পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসে। অভিযানের সময় শিলচরের দিকে বাইক করে আসছিলেন দুই ব্যক্তি। সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। ধৃতরা হল জুবেদ আহমদ লস্কর, বাসিন্দা দক্ষিণ মোহনপুর (সোনাই) এবং বুরহান উদ্দিন, বাসিন্দা ধলাইমলাই প্রথম খণ্ড (কাটলিছড়া, হাইলাকান্দি)।
পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে ১৯টি সাবান কেসে লুকিয়ে রাখা মোট প্রায় ২১৬ গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি দু’টি মোবাইল ফোন, একটি বাইক (নং AS 24E 9884) এবং নগদ ৫০০ টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে।
উদ্ধার হওয়া সামগ্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৮ লক্ষ টাকা।



