সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা উচ্চমানের পরিবেশে শিক্ষা লাভ করবে : পীযুষ

রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রীর ৬৭টি নতুন বিদ্যালয় ভবনের উদ্বোধন ও ৬১টি বিদ্যালয় ভবনের শিলান্যাস

বরাক তরঙ্গ, ২ ফেব্রুয়ারি : অসম সরকারের একটি নতুন পদক্ষেপ হিসেবে সোমবার রাজ্যের শিক্ষা খাতের  উন্নয়নের লক্ষ্যে ৬৭টি সরকারি বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন এবং ৬১টি বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কামরূপ মহানগর জেলার সোনাপুরে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এই প্রকল্পের আনুষ্ঠানিক শুভারম্ভ করেন। এর সমান্তরালে জাগিরোডে জলসম্পদ মন্ত্রী ও স্থানীয় বিধায়ক পীযূষ হাজরিকা নখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এই প্রকল্পের অধীনে নির্মিত নতুন ভবনটির উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। নিজের ভাষণে মন্ত্রী পীযূষ হাজরিকা বলেন, মুখ্যমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে রাজ্য সরকারের গৃহীত এই প্রকল্পের ফলে অসমের সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা অত্যন্ত উচ্চমানের পরিবেশে শিক্ষা লাভের সুযোগ পাবে।

জাগিরোড কেন্দ্রের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী পীযূষ হাজরিকা উল্লেখ করে বলেন, এক সময় বন্যার বিভীষিকার মধ্যে থাকা এই অঞ্চলটি বর্তমানে রাজ্যের একটি অগ্রণী জায়গায় রূপান্তরিত হয়েছে। বিশেষ করে জলসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তিনি ১৫ কিলোমিটার নদীবাঁধ নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষকে বন্যার হাত থেকে মুক্ত করতে সক্ষম হয়েছেন। এই সুরক্ষিত পরিবেশের কারণে এই অঞ্চলে কৃষি খাতে বিপ্লব এসেছে এবং কৃষকদের আয় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। এছাড়া, শিশু বিকাশের জন্য পূর্বে ১ কোটি টাকার পরিবর্তে বর্তমানে রাজ্যে ২৫ কোটি টাকা ব্যয়ে একেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রও নির্মাণ করা হচ্ছে বলে তিনি জানান।

শিক্ষা ও স্বাস্থ্য খাতে অভূতপূর্ব পরিবর্তনের বিষয়ে আলোকপাত করে মন্ত্রী বলেন, রাজ্যে মেডিক্যাল কলেজের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে প্রতি বছর বহু সংখ্যক চিকিৎসক তৈরি হচ্ছেন। জাগীরোড শহরের আধুনিকীকরণের জন্য ইতিমধ্যে নতুন পরিদর্শন বাংলো, অত্যাধুনিক প্রেক্ষাগৃহ, মিনি স্টেডিয়াম ও নালা-নর্দমার সুব্যবস্থা গড়ে তোলা হয়েছে। আগামী দিনে ক্রীড়া উন্নয়নের জন্য আরও দু’টি নতুন স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনাও সরকার হাতে নিয়েছে। অর্থনৈতিক দিক থেকে জাগীরোডের বিকাশের কথা উল্লেখ করে তিনি বলেন, সেমিকন্ডাক্টর শিল্প প্রতিষ্ঠিত হওয়ার সাথে সাথে অঞ্চলটিতে রুমভাড়া বৃদ্ধি পেয়েছে, যা স্থানীয় জনগণের জন্য অতিরিক্ত আয়ের পথ খুলে দিয়েছে। জাগিরোডকে একটি সমৃদ্ধ ও আধুনিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে মন্ত্রী হাজরিকা আজকের এই শিক্ষাখাতের উত্তরণকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেন। আজকের এই অনুষ্ঠানে মরিগাঁও জেলার জেলাশাসক অনামিকা তিওয়ারীসহ বহু গণ্যমান্য ব্যক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *