বরাক তরঙ্গ, ৭ এপ্রিল: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কাছাড় জেলার বিভিন্ন কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) মনোনীত প্রার্থীরা আজ ব্যাপক প্রচার ও জনসংযোগ কর্মসূচি চালান।
কাটিগড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিল্লোল ভট্টাচার্য বদরপুর, কাটিগড়া চৌরঙ্গী ও শালচাপড়া এলাকায় ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করেন এবং স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন। একইভাবে শিলচর কেন্দ্রের ভবতোষ চক্রবর্তী, ধলাইয়ের গৌর চন্দ্র দাস, বড়খলার শম্পা দে, উধারবন্দের দিলীপকুমার রী এবং সোনাই কেন্দ্রের অঞ্জনকুমার চন্দ নিজ নিজ এলাকায় জোরদার প্রচার চালান। প্রচার শেষে দলের জেলা কমিটির সদস্য শ্যামদেও কুর্মী রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে বিজেপির কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ তোলেন, বিজেপি ‘ফ্যাসিবাদী’ কায়দায় বিরোধী প্রার্থী ও কর্মীদের ওপর আক্রমণ চালাচ্ছে। তাঁর দাবি, গতকাল নলবাড়ি জেলার বড়ক্ষেত্রী বিধানসভা কেন্দ্রে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থী মনিন্দ্র দলে-র ওপর বিজেপি-সমর্থিত দুষ্কৃতীরা বর্বর হামলা চালায়।
শ্যামদেও কুর্মী জনগণের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন, বিজেপির এই নিন্দনীয় রাজনীতি ও বিগত বছরের জনবিরোধী নীতির বিরুদ্ধে এবার উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে। শোষিত মানুষের অধিকার রক্ষা এবং গণআন্দোলনের শক্তিকে আরও মজবুত করতে এসইউসিআই (কমিউনিস্ট) প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান



