বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২ এপ্রিল : বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথে। তাঁর অভিযোগ, ১০ বছর ধরে বিজেপি এবং পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা অসমের জনগণকে কেবল স্লোগান ছাড়া আর কিছুই দেননি। বৃহস্পতিবার শিলচরের কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এআইসিসি-র সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের চেয়ারপার্সন সুপ্রিয়া শ্রীনাথে বলেন, গত পাঁচ বছরে রাজ্যে উন্নয়নের পরিবর্তে এক ব্যক্তির পরিবারের সম্পদ অস্বাভাবিকভাবে বেড়েছে। কটাক্ষের সুরে তিনি বলেন, যদি এত দ্রুত আয় বাড়ানোর কোনও ‘ফর্মুলা’ থেকে থাকে, তবে তা রাজ্যের যুবক, নারী ও গৃহিণীদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত, যাতে সকলেই স্বল্প সময়ে আর্থিকভাবে উন্নত হতে পারেন।
রাজ্যের বেকারত্ব পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, কর্মসংস্থান দপ্তরে নিবন্ধিত ২১ লক্ষ শিক্ষিত বেকারের মধ্যে মাত্র ০.১ শতাংশ চাকরি পেয়েছেন। পাশাপাশি তিনি বলেন, অসমের ঋণের পরিমাণ প্রায় ২ লক্ষ কোটি টাকায় পৌঁছেছে, যা রাজ্যের অর্থনীতির উপর বড় চাপ সৃষ্টি করছে। বিজেপি শাসনামলে রাজ্যের উন্নয়ন ব্যাহত হয়েছে বলেও অভিযোগ করেন শ্রীনাতে। তাঁর বক্তব্য অনুযায়ী, নীতি কমিশনের সূচকে ২৮টি রাজ্যের মধ্যে আসামের অবস্থান ১৩তম স্থানে নেমে এসেছে।

এদিন কংগ্রেসের ‘পাঁচটি গ্যারান্টি’র কথাও তুলে ধরেন তিনি। শ্রীনাথে বলেন, “কংগ্রেস শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতি রক্ষা করেও দেখায়।” তিনি আরও দাবি করেন, কংগ্রেস সকল ধর্ম, বর্ণ ও ভাষার মানুষের দল এবং তাদের কোনো রাজনৈতিক দলের কাছ থেকে জাতীয়তাবাদ বা ধর্মের শংসাপত্রের প্রয়োজন নেই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও এদিন নিশানা করেন তিনি। শ্রীনাথের দাবি, মোদি একজন আপোষকামী প্রধানমন্ত্রী এবং তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাবেই সিদ্ধান্ত নেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রী নিজেই মুখ্যমন্ত্রীর নির্দেশনা অনুসরণ করেন।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, মিডিয়া কনভেনর নিশাথ আব্বাস, সৌম্যজিৎ পুরকায়স্থ, কিশোর ভট্টাচার্য, সঞ্চিতা আচার্য, নাজিয়া ইয়াসমিন মজুমদার



