অসম বিধানসভা নির্বাচনে ৪২ আসনে লড়বে এসইউসিআই, ঘোষণা রাজ্য সম্পাদকের

Spread the news

বরাক তরঙ্গ, ২১ মার্চ : আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিতব্য আসাম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করল এসইউসিআই (কমিউনিস্ট) দল। দলের রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস এক বিবৃতিতে জানান, রাজ্যের বর্তমান অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিস্থিতি অত্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছে।

তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর লাগামছাড়া মূল্যবৃদ্ধি, তীব্র বেকারত্বসহ একাধিক সমস্যায় সাধারণ শ্রমজীবী মানুষ আজ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন। আসন্ন নির্বাচন ঘিরে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোটের প্রচার জোরদার হলেও সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের প্রতি তেমন আগ্রহ দেখা যাচ্ছে না। কারণ, অতীত অভিজ্ঞতা থেকে জনগণ বুঝে গিয়েছেন—যে জোটই ক্ষমতায় আসুক না কেন, তাদের সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

দলের মতে, কেবলমাত্র গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমেই জনগণের দাবি আদায় সম্ভব। তাই পুঁজিপতি শ্রেণির সমর্থনে পরিচালিত বিজেপি ও কংগ্রেস জোটকে পরাস্ত করে প্রকৃত বাম-গণতান্ত্রিক আন্দোলনকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যেই এসইউসিআই (কমিউনিস্ট) এবারের নির্বাচনে ৪২টি আসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

দল ইতিমধ্যেই বিভিন্ন জেলার প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কাছাড়, করিমগঞ্জ, হাইলাকান্দি থেকে শুরু করে ধুবুড়ি, বড়পেটা, নলবাড়ি, কামরূপ (গ্রাম্য), দরং, শোণিতপুর, লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, যোরহাট, মাজুলি ও নগাঁও জেলার মোট ৪২টি বিধানসভা কেন্দ্রে দলীয় প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন।

দলীয় সূত্রে জানানো হয়েছে, শিলচর, ধলাই, উধারবন্দ, বড়খলা, সোনাই, কাটিগড়া সহ বরাক উপত্যকার একাধিক আসনেও প্রার্থী দেওয়া হয়েছে। একইভাবে ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জেলাতেও প্রার্থী ঘোষণা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *