শ্রীভূমি জেলাও ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের বিক্ষোভ

Spread the news

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১৬ ফেব্রুয়ারি : অল অসম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অসম রাজ্য কমিটির আহ্বানে ১০ থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী বিভিন্ন কার্যসূচি হাতে নিয়েছিল। এরই অঙ্গ হিসেবে সোমবার শ্রীভূমি জেলা সদরে এপিডিসিএল কার্যালয়ে করিমগঞ্জ জেলা কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এদিন বেলা ১টায় এপিডিসিএল কার্যালয়ে উপস্থিত হয়ে করিমগঞ্জ জেলা ইলেক্ট্রিসিটি কনজ্যুমার এসোসিয়েশন এজিএম মারফত আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এক স্মারকলিপি প্রদান করেন।

স্মারক লিপি প্রদান করার পর সংবাদ মাধ্যমের নিকট বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীতরঞ্জন দত্ত এবং সম্পাদক সুজিৎকুমার পাল।  তাঁরা বলেন, অসমের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা ও বিদ্যুৎ গ্রাহকদের বেশ কিছু সমস্যা নিয়ে এজিএম মারফত মুখ্যমন্ত্রীর নিকট এক স্মারকলিপি প্রদান করা হয়। দাবি গুলো হল সাধারণ গ্রাহকদের ক্ষেত্রে মাসে ১২৫ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা, বিগত সময়ে এপিডিসিএল’র লাভ করা টাকার আনুপাতিক হারে মাশুল হ্ৰাস করা, রাজ্য, জেলা, ডিভিশন, সাব-ডিভিশন পৰ্যায়ে উপযুক্ত সিজিআরএফ (CGRF) গঠন করা, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ব্যক্তিদের নিকটাত্মীয়দের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বেসরকারিকরণের অপচেষ্টা  বন্ধ করা, অসমের বিদ্যুৎ গ্ৰাহকদের প্ৰিপেড স্মাৰ্ট মিটার জোর করে চাপিয়ে দেওয়া বন্ধ করা, নতুন সংযোগ স্থাপনের ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের কাছ থেকে মিটার বাবদ কোন টাকা সংগ্রহ না করা ও প্ৰিপেইড ব্যবস্থা চালুর আগে গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত ‘সিকিউরিটি ডিপোজিট’ এর সম্পূৰ্ণ টাকা অভিলম্বে ফিরিয়ে দেওয়া।
      
এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন অন্যান্যদের মধ্যে বাসুদেব সেন, অলোক চৌধুরী, দেবব্রত শুক্ল, পৃথ্বীজিৎ দেব, গোপালচন্দ্র পাল, জয়দীপ দাস, শেখর কোহার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *