শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের জন্মোৎসব ও ৪৮তম বিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী মহাসমারোহে শিলচর সৎসঙ্গ বিহারে

বরাক তরঙ্গ, ৪ ফেব্রুয়ারি : পরমপ্রেমময় শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম জন্মমহোৎসব এবং ৪৮তম শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারি (শনি-রবি) শিলচর সৎসঙ্গ বিহারে দুইদিনব্যাপী বিশেষ ধর্মীয়-সাংস্কৃতিক অনুষ্ঠান মহাসমারোহে অনুষ্ঠিত হবে। আয়োজক শিলচর সৎসঙ্গ বিহারের পক্ষ থেকে সর্বস্তরের ভক্ত-অনুরাগীদের উপস্থিতির আন্তরিক আহ্বান জানানো হয়েছে। প্রথম দিনের ৭ ফেব্রুয়ারি কর্মসূচিতে সকাল ১০টা ৩০ মিনিটে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান।

উদ্বোধনের পর সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত মাতৃসম্মেলন, স্থানীয় শিল্পীদের সঙ্গীতাঞ্জলী এবং সন্ধ্যায় সমবেত বিনতি প্রার্থনা, প্রণাম, নামজপ, ধর্মগ্রন্থ পাঠ ও বিশিষ্ট শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দিন ৮ ফেব্রুয়ারিতে ব্রাহ্মমুহূর্ত থেকে নহবৎ ও ঊষাকীর্তনের মাধ্যমে ভক্তিময় পরিবেশে দিনটি শুরু হবে। সকাল সাড়ে পাঁচটা থেকে সমবেত প্রার্থনা, নামজপ, অমৃত গ্রন্থ পাঠ এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা সময় ঘোষণা অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় শ্রীশ্রীঠাকুর, শ্রীশ্রীবড়মা ও শ্রীশ্রীবড়দার প্রতিকৃতি সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, পূজা-ভোগ নিবেদনের পর দুপুর ১১টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত প্রসাদ বিতরণ চলবে। দুপুরের পর সঙ্গীতাঞ্জলী, সৎসঙ্গী সম্মেলন, শ্রীশ্রীঠাকুরের জীবনাদর্শন-ভিত্তিক প্রশ্নোত্তর আলোচনা, বিশিষ্ট বক্তাদের ইষ্টালোচনা এবং সন্ধ্যায় আলোকসজ্জা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানমালা আরও সমৃদ্ধ হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *