সারম্ভরে পালিত সবোদয় ট্রাস্টের বসন্ত উৎসব

Spread the news

বরাক তরঙ্গ, ৪ মার্চ : শিলচরের মালুগ্রাম গান্ধীঘাট সর্বোদয় বিদ্যালয় প্রাঙ্গণে সবোদয় ট্রাস্টের উদ্যোগে জাঁকজমকপূর্ণভাবে পালিত হল ৪৩তম বসন্ত উৎসব। অনুষ্ঠানে মোট ১২টি বিদ্যালয় ও নৃত্যকেন্দ্র অংশগ্রহণ করে।

উৎসবের সূচনায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মালুগ্রামের বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে শিশু অতিথি পারমিতা সরকার ও সুপ্রদীপ পাল চৌধুরী এবং বিশেষ অতিথি রূপম বর্মনের উপস্থিতিতে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর সর্বোদয় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী শচীন্দ্রমোহন দত্ত (সবার প্রিয় ‘লাখুদা’)-র প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কল্যাণী দাম। স্বাগত ভাষণে ট্রাস্টের সাধারণ সম্পাদক আইনজীবী চৌধুরী প্রতিষ্ঠানের অতীত ও বর্তমান কর্মকাণ্ডের বিস্তারিত বিবরণ তুলে ধরেন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে নির্মীয়মাণ কল্যাণী ভট্টাচার্য স্মৃতি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্র, প্রয়াত জয়ক্ষী দেবীর প্রদত্ত উপেন্দ্র কুমার চক্রবর্তী ও সুমতি প্রভা দেবী স্মৃতি পাঠাগার, সম্ভাব মণ্ডপ এবং স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের কথাও উল্লেখ করেন।

তিনি আরও জানান, সর্বোদয় বিদ্যালয়কে উচ্চ বিদ্যালয়ে উন্নীত করে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলাই তাঁদের লক্ষ্য, যা বৃহত্তর দুধপাতিল ও পার্শ্ববর্তী এলাকার ছাত্র-ছাত্রীদের উপকৃত করবে। পাশাপাশি একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র গড়ে তোলার উদ্যোগও দ্রুত বাস্তবায়নের পথে, যা স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতনু চৌধুরী, সিএনএন ২৪-এর ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, অমিত নাগ, বুদ্ধ পাল, প্রধান শিক্ষিকা অনিতা বসু, মাধুরী চম্পা চৌধুরী প্রমুখ। কার্যকরী সভাপতি ভাস্কর দত্ত সভাপতির ভাষণে বলেন, লাখুদা ট্রাস্ট পরিচালনার যে দায়িত্ব অর্পণ করেছিলেন, তা সঠিকভাবে পালন করা হচ্ছে। তিনি বসন্ত উৎসবের তাৎপর্যও ব্যাখ্যা করেন।

সাংস্কৃতিক পর্বে পঞ্চানন শিববাড়ি স্কুল, মনিমালা নার্সারি স্কুল, মালুগ্রাম গার্লস হাই স্কুল, জয় কুমার বালিকা বিদ্যালয়, অভয়া চরণ পাঠশালা, রাধারমণ হাইস্কুল, সরস্বতী বিদ্যানিকেতন, রূপলেখা সংস্থা, অরুণোদ সংস্থা এবং গৌড়ীয় নৃত্যকলা প্রতিষ্ঠান বসন্ত বিষয়ক নৃত্য ও সঙ্গীত পরিবেশন করে। শিলচর রোটারি ক্লাবের পক্ষ থেকে শিশুদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি দেবাশিস সোম, শিবব্রত দত্ত, গৌরব পাল, প্রিয়তনু গোস্বামী ও বিজন সরকার।

শেষে অতনু চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন অমিত নাগ। সমবেত নৃত্যের মাধ্যমে বর্ণাঢ্য এই বসন্ত উৎসবের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *