বরাক তরঙ্গ, ৩ এপ্রিল : প্রয়াত ক্রীড়া সাংবাদিক সঞ্জয় রায়ের ৫৭তম জন্মদিন উপলক্ষে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করল ‘খেলার সময়’ ম্যাগাজিন। এই উপলক্ষে শিলচর ফুটবল অ্যাকাডেমির আর্টিফিশিয়াল টার্ফে আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগাজিনের বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘খেলার সময়’ ম্যাগাজিনের সম্পাদক তাজ উদ্দিন, শিলচর জেলা ক্রীড়া সংস্থার সভাপতি শিবব্রত দত্ত, শিলচর টাউন ক্লাবের সচিব বিকাশ দাস, ফুটবল অ্যাকাডেমির কর্মকর্তা বাচ্চু দাস, ক্রীড়া সাংবাদিক দ্বিজেন্দ্রলাল দাস, বিকাশ দেব, বিশিষ্ট সাংবাদিক উত্তম কুমার সাহা, আমিনুল হক মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব। এছাড়াও উপস্থিত ছিলেন প্রয়াত সঞ্জয় রায়ের স্ত্রী সংহিতা রায় এবং তাঁর কনিষ্ঠ কন্যা।

ম্যাগাজিনের আনুষ্ঠানিক মোড়ক উন্মোচনের পর উপস্থিত অতিথিরা সঞ্জয় রায়ের কর্মজীবনের বিভিন্ন দিক স্মরণ করেন। শিবব্রত দত্ত বলেন, “সঞ্জয়ের লেখনী ছিল অত্যন্ত সমৃদ্ধ, মানুষ হিসেবেও তিনি ছিলেন অনন্য।” বিকাশ দাসের কথায়, “সঞ্জয়ের লেখায় এক বিশেষ গুণ ছিল। তাঁর সরল ও সাবলীল উপস্থাপনায় ক্রীড়াঙ্গনের জটিল ঘটনাও সহজে পাঠকের কাছে বোধগম্য হয়ে উঠত।”

আমিনুল হক মজুমদার বলেন, পেশাগত কারণে দীর্ঘদিন একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা তাঁর রয়েছে এবং কাজ ও ব্যবহারের মধ্যে সঞ্জয়ের অসাধারণ সামঞ্জস্য ছিল। উত্তম কুমার সাহা বলেন, “জন্মদিনের দিনে সঞ্জয়ের অকাল প্রয়াণের কথা স্মরণ করতে হচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক।” দ্বিজেন্দ্রলাল দাস জানান, ভাগ্যের পরিহাসে নিউজ ডেস্কে সঞ্জয়ের ব্যবহৃত কম্পিউটারই এখন তাঁকে ব্যবহার করতে হচ্ছে, যা প্রতিনিয়ত সঞ্জয়ের স্মৃতিকে সামনে নিয়ে আসে।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলে সঞ্জয় রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।



