গুয়াহাটিতে উড়ালসেতুর স্তম্ভ থেকে মুছে ফেলা হল সোনম ওয়াংচুকের প্রতিকৃতি

Spread the news

বরাক তরঙ্গ, ১৯ জুলাই: গুয়াহাটি মহানগরীর বশিষ্ঠ এলাকায় অবস্থিত উড়ালসেতুর একটি স্তম্ভে আঁকা লাদাখের বিশিষ্ট পরিবেশকর্মী ও সমাজকর্মী সোনম ওয়াংচুকের প্রতিকৃতি প্রশাসনের নির্দেশে মুছে ফেলা হয়েছে।

জানা গেছে, মাত্র দু’দিন আগে দুই যুবক উড়ালসেতুর স্তম্ভে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি অঙ্কন করেন। সরকারি সম্পত্তিতে পূর্বানুমতি ছাড়াই এই চিত্রাঙ্কনের ঘটনা সামনে আসতেই গুয়াহাটি মহানগর পুলিশ ও প্রশাসন বিষয়টি নিয়ে সক্রিয় হয়। পরে প্রশাসনের নির্দেশে শনিবার প্রতিকৃতিটি সম্পূর্ণভাবে অপসারণ করা হয়।
প্রশাসনের বক্তব্য, সরকারি সম্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও ধরনের চিত্রাঙ্কন বা দেয়ালচিত্র নির্মাণ নিয়মবিরুদ্ধ। সেই কারণেই আইন অনুযায়ী প্রতিকৃতিটি মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে শহরের বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। সরকারি সম্পত্তিতে শিল্পচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা এবং প্রশাসনিক বিধিনিষেধ নিয়ে নানা মহলে ভিন্ন ভিন্ন মতও উঠে এসেছে।

উল্লেখ্য, বশিষ্ঠ উড়ালপুলের নিচে সোনম ওয়াংচুকের প্রতিকৃতি আঁকার অভিযোগে শনিবার ডিব্রুগড়ের বাসিন্দা নুকুল মিলি এবং গুয়াহাটির বাসিন্দা গৌরব সিংকে গ্রেফতার করে পুলিশ। অভিযোগ, সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়াই তারা উড়ালপুলের স্তম্ভে প্রতিকৃতিটি অঙ্কন করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *