বরাক তরঙ্গ, ১ এপ্রিল : যুবতীকে ধর্ষণের মামলায় যুবককে কারাবাসের সাজা শোনালো কাছাড়ের অ্যাডিশনাল সেশন জাজ নং-৩ নুর উদ্দিন আহমদের আদালত। সাজাপ্রাপ্ত যুবক বাহার উদ্দিন বড়ভূইয়া (৪২) সোনাই থানা এলাকার নতুন রামনগর চতুর্থ খণ্ডের বাসিন্দা।
ধর্ষণের ঘটনা ঘটে ২০২০ সালের ১৯ জুলাই। নির্যাতিতা যুবতী নতুন রামনগর চতুর্থ খণ্ড এলাকারই বাসিন্দা। ঘটনার দিন যুবতীর পরিবারের অন্যান্যরা তাকে বাড়িতে একা রেখে অন্যত্র গিয়েছিলেন। এরমধ্যে বেলা সাড়ে ১১টা নাগাদ
বাহার উদ্দিন যুবতীর বাড়িতে যায়। যুবতীকে একা পেয়ে তার ওপর বলপূর্বক চরিতার্থ করে পাশবিক বাসনা। ঘটনা নিয়ে যুবতীর পরিবারের পক্ষ থেকে সোনাই থানায় দায়ের করা হয় এজাহার ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত চালায়। তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে মঙ্গলবার আদালত বাহার উদ্দিনকে কারাবাসের সাজা শোনায়। তাকে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ (১) ধারায় ১০ বছর কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে ১০ হাজার টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ৩ মাসের কারাদণ্ড। এছাড়া ভারতীয় দণ্ডবিধির ৪৪৮ ধারায় ৬ মাস কারাবাসের সাজা শুনিয়ে জরিমানা করা হয়েছে ৫০০ টাকা। এক্ষেত্রে জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ১ মাসের কারাদণ্ড।



