এসআর নামে হয়রানির অভিযোগ অনির্দিষ্টকালীন অনশনে সমাজকর্মী সঞ্জীব

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৯ জানুয়ারি : শিলচর স্পেশাল রিভিশন প্রক্রিয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। সাধারণ মানুষের উপর হয়রানি, অন্যায় ও ষড়যন্ত্রের অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল ১১টা থেকে ক্ষদিরাম বসুর মূর্তির পাদদেশে অনির্দিষ্টকালীন অনশনে বসেছেন সমাজকর্মী সঞ্জীব রায়।

অনশনস্থল থেকে সঞ্জীব রায় অভিযোগ করেন, স্পেশাল রিভিশনের নামে পরিকল্পিতভাবে সাধারণ নাগরিকদের হয়রানি করা হচ্ছে এবং একটি স্বার্থান্বেষী মহল মানুষকে অযথা সমস্যায় ফেলার চেষ্টা করছে। তাঁর দাবি, এই প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গত না হলে তার মারাত্মক প্রভাব পড়বে সাধারণ মানুষের উপর।

অনশনের মাধ্যমে তিনি চার দফা দাবি উত্থাপন করেন স্পেশাল রিভিশনের নামে কোনও ষড়যন্ত্র বন্ধ করতে হবে, সাধারণ মানুষের হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে, ভুয়ো অভিযোগকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং সম্পূর্ণ স্পেশাল রিভিশন প্রক্রিয়া স্বচ্ছ ও ন্যায়সঙ্গতভাবে পরিচালনা করতে হবে। এই অনশন কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা সংহতি জানিয়ে অংশ নেন।

তাঁদের মতে, সাধারণ মানুষের অধিকার রক্ষায় এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনশনে বসে সঞ্জীব রায় বলেন, “এই লড়াই কোনও ব্যক্তি বা দলের বিরুদ্ধে নয়, এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে।” বর্তমানে গোটা ঘটনার দিকে নজর রয়েছে প্রশাসনের ভূমিকার উপর। প্রশাসন এই বিষয়ে কী পদক্ষেপ গ্রহণ করে, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *