বেহাল সড়ক ও ধুলোর ঝড়ে জনজীবন বিপর্যস্ত, শিলচর–জয়ন্তীয়া সড়ক অবরোধ

মান্তু নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৫ ফেব্রুয়ারি : ধুলোর ঝড় ও বেহাল সড়কের করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন বৃহত্তর বড়খলা ও কাটিগড়া এলাকার হাজার হাজার মানুষ। এই দুই এলাকার মানুষের প্রাণকেন্দ্র শিলচর–জয়ন্তীয়া সড়ক বর্তমানে যেন নরকে পরিণত হয়েছে। অতিষ্ঠ হয়ে অঞ্চলের ভুক্তভোগী জনগণ ও পড়ুয়ারা সড়ক অবরোধ করেন।

ভুক্তভোগীরা জানান, দীর্ঘদিন ধরে অবর্ণনীয় যন্ত্রণা ভোগ করার পর অবশেষে আসাম মালা প্রকল্পের আওতায় শিলচর–জয়ন্তীয়া সড়কে সংস্কারকাজ শুরু হয়। তবে কাজ শুরুর পর থেকেই কাজের গুণগত মান নিয়ে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠতে থাকে। কিন্তু অভিযোগ সত্ত্বেও কার্যত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি।

বর্ষাকালে গোটা সড়ক কর্দমাক্ত হয়ে পড়ে। বিশাল বিশাল গর্তে পড়ে মালবাহী যানবাহন প্রায়ই ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকত। গত বর্ষাকাল এলাকাবাসীর কাছে ছিল একেবারেই নরকসম। বর্তমানে শুষ্ক মরসুম শুরু হতেই পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিয়েছে। গোটা এলাকা কার্যত মরুভূমিতে পরিণত হয়েছে। চারদিকে ধুলোবালির ঝড়ে স্থানীয়দের ঘরবাড়ি, দোকানপাট ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

তাঁরা এও বলেন, সড়ক দ্রুত সংস্কার এবং ধুলো নিয়ন্ত্রণে নিয়মিত জল ছিটানোর দাবিতে বারবার আবেদন জানানো হলেও প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। অবশেষে বৃহস্পতিবার ক্ষুব্ধ স্থানীয় জনগণ শিলচর–জয়ন্তীয়া সড়কে বাঁশের ব্যারিকেড বসিয়ে অবরোধে নামেন। বিভিন্ন স্লোগানে আকাশ-বাতাস কাঁপিয়ে তুলে বিক্ষোভ প্রদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *