রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : অসম প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সভাপতি ও সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিদ্বেষমূলক বক্তব্য ও অপপ্রচারের অভিযোগ তুলে বুধবার শিলচরে বিশাল প্রতিবাদী মিছিল সংগঠিত করে শিলচর জেলা কংগ্রেস।
জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হওয়া এই মিছিলে কয়েক হাজার কংগ্রেস কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ক্ষুদিরাম মূর্তির সামনে পৌঁছায়। সেখানে মুখ্যমন্ত্রীর কুশপুতুল দাহ করা হয়। পাশাপাশি “বিজেপি মুর্দাবাদ” ও “মুখ্যমন্ত্রী মুর্দাবাদ” স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ দাবি করেন, মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাঁদের অভিযোগ, রাজ্যে বিজেপি সরকার ‘সিন্ডিকেট রাজ’ কায়েম করেছে। জেলা সভাপতি আরও বলেন, মুখ্যমন্ত্রীর স্ত্রীর নামে একাধিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে আগে তদন্ত হওয়া উচিত।

কংগ্রেস নেতৃত্বের দাবি, সাংসদ গৌরব গগৈয়ের জনপ্রিয়তায় ভীত হয়েই মুখ্যমন্ত্রী ভিত্তিহীন মন্তব্য করছেন। বিজেপির পক্ষ থেকে গগৈকে শিলচরে প্রবেশ করতে না দেওয়ার হুঁশিয়ারির প্রসঙ্গ তুলে কংগ্রেস কর্মীরা পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দেন—“ক্ষমতা থাকলে আটকিয়ে দেখান।”
কংগ্রেস নেতারা স্পষ্ট জানান, বিজেপি সরকারের বিরুদ্ধে তাঁদের আন্দোলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং কংগ্রেস কোনওভাবেই ভীত নয়।



