বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : গ্রামীণ অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্রের অভিযোগ তুলে আন্দোলনের হুঁশিয়ারি দিল শিলচর জেলা কংগ্রেস। সোমবার শিলচরস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে স্থানীয় কংগ্রেস নেতারা কেন্দ্রের বিজেপি সরকারের এমজিএনরেগা নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন।
কংগ্রেস নেতৃত্ব জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উদ্যোগে গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করতে ১০০ দিনের কর্মসংস্থান কর্মসূচি হিসেবে এমজিএনরেগা প্রকল্প চালু হয়েছিল। কিন্তু বর্তমান বিজেপি সরকার পরিকল্পিতভাবে এই প্রকল্পকে দুর্বল করে গ্রামীণ অর্থনীতিকে পঙ্গু করার চেষ্টা করছে বলে অভিযোগ তোলেন তাঁরা।
কংগ্রেস নেতা সজল আচার্য অভিযোগ করে বলেন, মহাত্মা গান্ধীর নাম সরিয়ে আইন পাশ করার মাধ্যমে বিজেপি কার্যত আবারও গান্ধীজীকে হত্যা করছে। তিনি আরও বলেন, আগে যেখানে এমজিএনরেগা প্রকল্পে কেন্দ্রের আর্থিক অবদান ছিল বেশি, বর্তমানে তা কমিয়ে ৬০ শতাংশ করা হয়েছে এবং বাকি ৪০ শতাংশ ব্যয়ের বোঝা রাজ্য সরকারকে বহন করতে হচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়, এমজিএনরেগা প্রকল্প রক্ষায় প্রতিটি ব্লকে ধর্না কর্মসূচি শুরু করা হবে এবং কোনওভাবেই এই প্রকল্প বন্ধ হতে দেওয়া হবে না। আন্দোলন চলবে ধারাবাহিকভাবে।

অন্যদিকে, কংগ্রেস নেতা মিসবাহুল ইসলাম লস্কর বলেন, দিল্লিতে কংগ্রেস সরকার থাকাকালীন বরাক উপত্যকা সহ গোটা রাজ্যের উন্নয়নে সর্বতোভাবে সহায়তা করা হয়েছিল। বর্তমান শাসক দলের ভুল নীতির কারণে আজ বরাক উন্নয়নের দিক থেকে অনেকটাই পিছিয়ে পড়েছে বলে তিনি দাবি করেন।



